চট্টগ্রাম থেকে চেন্নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান আহমেদ, নুসরাত জাহান নইফা, সৈয়দা আয়েশা সুলতানা, মাহ্মুদ হোসেন ও জহিরুল ইসলাম—চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। এখন ইন্টার্নি করছেন। সম্প্রতি তাঁরা ঘুরে এসেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই। তামিলনাড়ু ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (তানুভাস) অধীনে নামাকল ভেটেরিনারি কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (ভিসিআরআই) এবং মাদ্রাজ ভেটেরিনারি কলেজে (এমভিসি) মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন মেডিসিন, সার্জারি ও ধাত্রীবিদ্যার ওপর। সেই সুবাদে তাঁরা লাভ করছেন অনেক নতুন অভিজ্ঞতা। তাঁদের কথা ফলাও করে ছাপা হয়েছে ২১ অক্টোবর ভারতের জনপ্রিয় দৈনিক দ্য হিন্দুর তামিলনাড়ু সংস্করণে।গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে সড়কপথে রওনা দেন শিক্ষার্থীরা। ২৯ সেপ্টেম্বর গিয়ে পৌঁছান নামাকল। ৬৪ সদস্যের প্রতিনিধিদলে শিক্ষার্থী ছিলেন ৬২ জন। ১৪ জন ছাত্রী ও ৪৮ জন ছাত্র। এ ছাড়া ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রাণী-পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান ও মেডিসিন ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার সাঈদ ছিলেন এ দলে। নামাকল ভেটেরিনারি কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে (ভিসিআরআই) ১৫ দিনের প্রশিক্ষণ শুরু হয় গত ১ অক্টোবর থেকে। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস করতে হয়েছে এখানে। এরপর বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ল্যাবে কাজ করতে হতো। প্রশিক্ষণের শেষ দিনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাঁদের সনদ দেওয়া হয়। সনদ দেন ভিসিআরআইয়ের ডিন কে এ দুরাইসামি। সেখানে তাঁরা ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। প্রশিক্ষণ শেষ হওয়ার এক দিন আগে তাঁরা ঘুরে আসেন সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট উঁচু ওটি হিল স্টেশনের ভেড়া প্রজনন খামার।১৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁরা প্রশিক্ষণ নেন এমভিসিতে। দুটি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে তাঁরা অনুভব করলেন, এখানকার মানুষ অসম্ভব প্রাণীপ্রেমিক। পোষা প্রাণীটির অসুখ-বিসুখে কাতর হয়ে পড়েন তাঁরা।প্রশিক্ষণ শেষে ভেটেরিনারি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশে ফিরে আসেন ৫ নভেম্বর। কিন্তু এখনো সবার মনে জ্বল জ্বল করছে ভেটেরিনারি কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের স্মৃতিটা। কলেজের ক্লিনিক বিভাগের প্রধান এম সিলভারাজুর সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁদের।ইমরান অণুজীববিজ্ঞান নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করার ইচ্ছা প্রকাশ করেন। নুসরাত প্যাথলজি বিষয়ে উচ্চতর পড়াশোনা ও মুরগির খামার নিয়ে কাজ করতে চান। আয়েশার লক্ষ্য ফার্মাকোলজি নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করা। জহিরুলও চান বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে। একই রকম ইচ্ছার কথা জানালেও মাহ্মুদ দুগ্ধ খামারের ওপর কাজ করার আগ্রহের কথাও বলেছেন।