চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে হজযাত্রীদের জন্য বিশেষ হজ ফ্লাইটের সংখ্যা অবশেষে বাড়ল। গত দুই বছর যেখানে হজ ফ্লাইটের সংখ্যা ছিল তিনটি, সেখানে এবার বিশেষ ফ্লাইট নির্ধারণ করা হয়েছে সাতটি। গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চারটি বিশেষ ফ্লাইট উড্ডয়নের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিমানের জনসংযোগ কর্মকর্তা খান মোশাররফ হোসেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতটি বিশেষ ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ফ্লাইট বাড়ানো হলেও হজযাত্রীর তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করছে চট্টগ্রাম হজযাত্রী কল্যাণ পরিষদ। তারা বিশেষ ফ্লাইট দ্বিগুণ করার দাবি জানায়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাহাড়তলী হাজি ক্যাম্প সংস্কার করে তা পুনরায় চালু করারও অনুরোধ জানানো হয়েছে।
গত বছর প্রায় ১০ হাজার হজযাত্রীর জন্য চট্টগ্রাম থেকে বিশেষ হজ ফ্লাইট ছিল তিনটি। একই সংখ্যক ফ্লাইট ছিল ২০১১ সালেও।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইট চালু হবে ১৬ সেপ্টেম্বর। এ ছাড়া, প্রতি মঙ্গল ও শুক্রবার চট্টগ্রাম-জেদ্দা নিয়মিত ফ্লাইট রয়েছে। এদিকে মঙ্গলবারের ফ্লাইটে কিছু সংখ্যক হজযাত্রী পরিবহন করা হয়েছে। অন্যান্য নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে বলে সূত্র জানায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, নির্ধারিত হওয়া চারটি ফ্লাইট ১৬, ১৮, ২২ ও ২৮ সেপ্টেম্বর জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাবে। তবে অন্য তিনটি ফ্লাইটের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। প্রতি ফ্লাইটে ৪২৬ জন করে হজযাত্রী জেদ্দা যাবেন।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমরা চারটি ফ্লাইটের সময়সূচি হাতে পেয়েছি। তবে সাতটি ফ্লাইটে এবার হজযাত্রী পরিবহন করা হবে।’
হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের হজযাত্রীর তুলনায় সরাসরি ফ্লাইটের সংখ্যা অপ্রতুল। এ জন্য অন্তত ১৫টি ফ্লাইট চালু করা প্রয়োজন। এটি হলে ঢাকা থেকে হজযাত্রী পরিবহনে অনেক চাপ কমবে। আর হজযাত্রীদের ভোগান্তিও কমবে।’ হজযাত্রীরা ঢাকা বিমানবন্দরে বিভিন্নভাবে হয়রানির শিকার হয় বলে তিনি মন্তব্য করেন। আহমেদুল ইসলাম চৌধুরী জানান, চট্টগ্রামে স্থায়ী হাজি ক্যাম্প থাকলেওযথাযথ তদারকির অভাবে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ ক্যাম্প চালু করতে বেশি অর্থের প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়ার জন্য শুধু সরকারের সদিচ্ছার প্রয়োজন। এ ক্যাম্প চালু এবং বিশেষ ফ্লাইটের সংখ্যা বাড়ানো হলে চট্টগ্রামের হজযাত্রীদের আর ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না। হজযাত্রী কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে এবার প্রায় নয় হাজার হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। তাঁদের স্বাস্থ্যপরীক্ষা কার্যক্রম সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ হয়েছে। এ সময় তাঁদের টিকা দেওয়া হয়।
সূত্র জানায়, ১৯৪৮ সালে নগরের পাহাড়তলীর নয় একর ৩৫ শতক জমির ওপর এ হাজি ক্যাম্প নির্মাণ করা হয়। ওই বছর এ ক্যাম্পে তবলিগ জামায়াতের ইজতেমার আয়োজন করা হয়েছিল। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী প্রায় ১৪ বছর সারা বাংলাদেশের হজ কার্যক্রম পরিচালিত হতো এ ক্যাম্প থেকে। তবে এরশাদ সরকারের আমলে ১৯৮৯ সালে এ ক্যাম্প বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ১ আগস্ট ক্যাম্পের এক একর জায়গার ওপর ইসলামিক ফাউন্ডেশনের দুটি বহুতল ভবন উদ্বোধন করা হয়।