বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক আনোয়ারুল কবিরের নেতৃত্বে রেলওয়ের একটি দল ৫ মার্চ চট্টগ্রাম-দোহাজারী রেল লাইন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা রেল লাইনের দোহাজারী এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন শেষে পটিয়া স্টেশনে এলে এ রুটে বন্ধ পাঁচটি ট্রেন চালুর দাবিতে যাত্রীকল্যাণ পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় যাত্রীকল্যাণ সমিতির নেতারা বলেন, বর্তমানে এই লাইনে খুঁড়িয়ে খুঁড়িয়ে সকালে ও বিকেলে একটি ট্রেন চলাচল করছে। অথচ এর আগে এ রুটে বিভিন্ন সময়ে পাঁচটি ট্রেন চলাচল করত। এসব ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রেলওয়ের পরিদর্শক আনোয়ারুল কবির বলেন, চট্টগ্রাম-দোহাজারী লাইন সংস্কারকাজ চলছে। সংস্কারকাজ শেষ হলে এই রুটে একাধিক ট্রেন আবার চালু হবে।স্মারকলিপি দেওয়ার সময় যাত্রীকল্যাণ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন শ্যামল দে, নুরুল আলম, নুরুল ইসলাম, আবদুল হাকিম, এস এম এ কে জাহাঙ্গীর, আবদুর রাজ্জাক, বিকাশ চৌধুরী, ফারুকুর রহমান, মফিজুর রহমান প্রমুখ।