চট্টগ্রাম-পদুয়া সড়কে বাস চালু
দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম-পদুয়া সড়কে বাস চালু করা হয়েছে। সম্প্রতি একটি বাস ৪৩ জন যাত্রী নিয়ে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট ছেড়ে যাওয়ার মাধ্যমে এ সার্ভিস চালু করা হয়। বর্তমানে প্রতি ঘণ্টায় একটি করে বাস ছাড়ছে রাজারহাট থেকে। ৪৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কে বাস চালু হওয়ায় পদুয়া ইউনিয়নের সাধারণ মানুষ খুবই খুশি। এলাকাবাসী জানান, আশির দশকের শুরুতে পদুয়া-রাজারহাট সড়ক চন্দ্রঘোনা রাজস্থলি সড়কে মিলিত হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতের সুযোগ তৈরি হলেও এ সড়কে কোনো বাস চলাচল করেনি। ভটভটি আর চাঁদের গাড়িই ছিল এলাকার সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম। এতে সময় লাগত বেশি। নানা ভোগান্তিও পোহাতেন যাত্রীরা। সাধারণ মানুষ এ সড়কে সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। অবশেষে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের প্রচেষ্টায় গত ২৭ জুলাই বাস সার্ভিস চালু হলো। চট্টগ্রাম-কাপ্তাই বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন জানান, নানা প্রতিকূলতার কারণে চট্টগ্রাম-পদুয়া সড়কে এত দিন বাস সার্ভিস চালু করা সম্ভব হয়নি। এখন পরিবেশ অনুকূলে আসায় তা চালু করা হয়েছে। চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাসটার্মিনাল পর্যন্ত ৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, পদুয়া দেশের বৃহত্তম ইউনিয়ন। জনসংখ্যা প্রায় ৫০ হাজারেরও বেশি। কর্ণফুলী নদীর কারণে রাঙ্গুনিয়া থেকে বিচ্ছিন্ন শিলক ও কোদালা ইউনিয়নের এক-তৃতীয়াংশ মানুষ এ এলাকা দিয়ে যাতায়াত করেন। এসব মানুষকে পদুয়া রাজারহাট থেকে রাজস্থলি উপজেলার বাঙ্গালহালিয়ায় নেমে বাস বা সিএনজি অটোরিকশায় চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্টেশনে যেতে হতো। সেখান থেকে বাসে উঠে যেতে হতো চট্টগ্রাম শহরে। এতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগত। বর্তমানে সময় লাগছে প্রায় দুই ঘণ্টা। পদুয়া রাজারহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-পদুয়া সড়কে বাস সার্ভিস চালুর মাধ্যমে যাতায়াত সুবিধা বেড়ে যাওয়ায় এলাকার মানুষ অত্যন্ত খুশি। এলাকার ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণে এ সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।