চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী
নানা আয়োজনে শেষ হয়েছে নগরের ফিরিঙ্গিবাজার চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব। এ উপলক্ষে সাবেক ও বর্তমান ছাত্রীদের অংশগ্রহণে ব্যান্ডদলের তালে তালে শোভাযাত্রা, নাচ-গান, স্মৃতিচারণ ও আড্ডায় প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছিল বিদ্যালয় অঙ্গন। সম্প্রতি ছাত্রীদের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে বিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক ছাত্রী সংসদ সদস্য সারাহ বেগম কবরী।পরে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এমএএন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন সারাহ বেগম কবরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ জামাল, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, লুত্ফন্নেছা দোভাষ, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা প্রদীপ ডি কস্তা, আইনজীবী খুরশীদ আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি মজুমদার।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এ বছর পর্যন্ত নানা ক্ষেত্রে অবদানের জন্য পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।