চট্টগ্রাম বিজ্ঞান কলেজের শুরুটা ভালোই হলো
প্রতিষ্ঠার দুই বছর পর প্রথম এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। অনুমতি না পাওয়ায় বাকলিয়া শহীদ এন এম জে কলেজের নামেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কলেজের ৮৫ শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। ফল জানতে নয়, শিক্ষকদের কৃতজ্ঞতা জানাতে ক্যাম্পাসে এসেছেন শেকর এ রহমান। কারণ ওয়েবসাইটে আগেই ফল জেনে নিয়েছেন তিনি। জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব তিনি দিতে চান কলেজের শিক্ষক ও ব্যবস্থাপনায় যাঁরা আছেন তাঁদের। তিনি বললেন, ‘এ কলেজে ক্লাসেই পড়া শেখানো হয়। প্রাইভেটের সুযোগ নেই। তাই ফল ভালো হয়েছে।’ তাঁর বাবা সাব্বির আহমদ বললেন, ‘আমার ছেলে খুব মেধাবী নয়, নিজেরাও যত্ন নিতে পারিনি, কলেজের ওপরই নির্ভর করতে হয়েছে।’ কলেজের অধ্যক্ষ ও চেয়ারম্যান মো. জাহেদ খান বলেন, ‘নতুন কলেজ হিসেবে সব কলেজের ভর্তির পর এসএসসিতে ন্যূনতম জিপিএ পাওয়া শিক্ষার্থীই পেয়েছি। এতটুকু ফলাফল আমাদের জন্য বড় সাফল্য।’