চট্টগ্রাম বিভাগে প্রথম বোয়ালখালী স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে জরুরি প্রসূতিসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে শুধু বোয়ালখালী স্বাস্থ্যকেন্দ্রটিই এই পুরস্কার পেল। সূত্র জানায়, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গত বছর স্বাভাবিকভাবে ৪১৫ জন এবং অস্ত্রোপচারের মাধ্যমে ৩৬ জনকে প্রসব করানো হয়েছে, যা চট্টগ্রাম বিভাগের অন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর চেয়ে বেশি।জানা যায়, উপজেলা পর্যায়ে সুযোগ-সুবিধা না থাকায় আগে প্রায় প্রসূতি নগরের বিভিন্ন হাসপাতালে গিয়ে সন্তান প্রসব করতেন। কিন্তু গত কয়েক বছর এই স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতি স্বাস্থ্যসেবার সুনামের কথা জানতে পেরে অনেকে এখানে প্রসবকালীন চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পবিকল্পনা কর্মকর্তা মুরশিদ আরা বেগম জানান, এখানে মাত্র পাঁচ টাকা ফি দিয়ে ভর্তি হয়ে অস্ত্রোপচারসহ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পেয়েছেন প্রসূতিরা। নিরাপদ প্রসব ছাড়াও তাঁদের থাকা-খাওয়া, পরিচর্যা ও ওষুধ-পথ্য সরবরাহের দিকেও সর্বোচ্চ নজর দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এসব বিবেচনায় জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় দেশের ২৫টি স্বাস্থ্যকেন্দ্রকে পুরস্কারের জন্য মনোনীত করে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র মনোনীত হয়। গত ২৮ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ শাহাবুদ্দিনের নেতৃত্বে বোয়ালখালী কেন্দ্রের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরশিদ আরা এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইনি পরামর্শক বিলকিস ফাতেমা ও অবেদনবিদ সৈয়দা নাফিসা খাতুন।