চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ৩১ ক্লাব-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন চবি ৩১ ক্লাব-এর একটি প্রতিনিধিদল সম্প্রতি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য বলেন, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মৌলিক ও অবকাঠামোগত উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা রাখা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম তুলে ধরে তা অব্যাহত রাখার জন্য ৩১তম ব্যাচসহ সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেন। প্রত্যুত্তরে ক্লাবের প্রতিনিধিদলের সদস্যরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধিদলের সদস্যরা আগামী ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩১তম ব্যাচের পুনর্মিলনীর অনুমতি ও অনুষ্ঠান সফল করতে সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর মো. সিরাজ দৌল্লা, ক্লাবের সভাপতি রমিজ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহসভাপতি রাজু আহমেদ খান, কাজী কামরুল হাসান, নির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন, পুনর্মিলনী সদস্যসচিব জাহেদুল ইসলাম মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।