চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তরি ঢুকে না তিন মাস ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ক্যাম্পাসের রেলস্টেশন চত্বর পর্যন্ত যাচ্ছে না এই সড়কে চলাচলকারী মিনিবাস তরি। ফলে প্রতিদিন মিনিবাসে যাতায়াতকারী পাঁচ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্ভোগ পোহাচ্ছেন। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশাযোগে ক্যাম্পাসের স্টেশন চত্বরে যাতায়াতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের।
২১ মে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান। ওই দিন থেকে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের কারণে জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ক্যাম্পাসে মিনিবাস প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে অনেকে ক্যাম্পাসে মিনিবাস প্রবেশের পক্ষে মত দেন।
সরেজমিন দেখা গেছে, বর্তমানে মিনিবাস তরি নগর থেকে হাটহাজারী সড়কের বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। ফলে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মূল ফটক থেকে সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশাযোগে ক্যাম্পাসের স্টেশন চত্বরে যেতে হয়। একইভাবে ফিরতে হয় স্টেশন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। সেখান থেকে আবার মিনিবাসে করে নির্দিষ্ট গন্তব্যে ফেরেন তাঁরা। এতে সবাইকে সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে ১০ টাকা আর রিকশার জন্য ৪০ টাকা বাড়তি ভাড়া গুণতে হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে স্টেশন চত্বরের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
শিক্ষার্থীরা জানান, মিনিবাস ক্যাম্পাসে প্রবেশ করলে এ রকম বাড়তি ভাড়া দিতে হতো না কিংবা গাড়ি বদলের ভোগান্তিও পোহাতে হতো না।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এক শিক্ষার্থী মারা যাওয়ায় আমাদের অনেকেই সে সময় ক্যাম্পাসে মিনিবাস ঢুকতে না দেওয়ার জন্য আন্দোলন করেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এখন মিনিবাস ছাড়া সিএনজিচালিত অটোরিকশা থেকে শুরু করে পরিবেশের জন্য ক্ষতিকর মাহেন্দ্র, ব্যাটারিচালিত রিকশা—সবই চলছে। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি আমাদের বাড়তি টাকাও গুনতে হচ্ছে।’
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুমি আকতার অভিযোগের সুরে বলেন, ‘শাটল ট্রেনে কোচসংকটের কারণে আমাদের প্রায় সময় মিনিবাসে করে যাতায়াত করতে হয়। তার ওপর আবার ক্যাম্পাসে মিনিবাস না যাওয়ায় আমরা নানা দুর্ভোগ পোহাচ্ছি। এতে মেয়েদের সমস্যা আরও বেড়ে গেছে।’
তরি মালিক-শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ঝন্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘কোনো একটা সমস্যা হলেই সব দায় এসে পড়ে আমাদের ওপর। সর্বশেষ ঘটনার সময় হামলায় আমাদের চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। অন্যদিকে, ক্যাম্পাসে মিনিবাস প্রবেশ করলে একটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীদর কাছে গাড়িপ্রতি ৪০ টাকা করে চাঁদা দিতে হয়। তাই আমাদের পক্ষ থেকে ক্যাম্পাসে মিনিবাস প্রবেশ করানোর ব্যাপারে তেমন আগ্রহ নেই।’
তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান বলেন, শিক্ষার্থীরা যেহেতু চাইছেন, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কয়েক দিনের মধ্যে মিনিবাস কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবে।