
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আর্থেনের উদ্যোগে ১৩ অক্টোবর ন্যাশনাল আর্থেন নেচার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহায়তা করে বিএসআরএম। সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খালেদ মিসবাহুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, অতিথি ছিলেন বিএসআরএমের কর্মকর্তা আলি মাহবুব হোসাইন।
অলিম্পিয়াডের শুরুতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর ছিল লিখিত পরীক্ষা এবং তাৎক্ষণিক পোস্টার অাঁকার প্রতিযোগিতা। লিখিত পরীক্ষায় প্রথম হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মূর্ছনা মাধুরী, দ্বিতীয় হন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ইমরান-বিন-কায়েস এবং তৃতীয় স্থান লাভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফেরদৌস। লিখিত পরীক্ষায় প্রথম হওয়া চুয়েটের মূর্ছনা মাধুরী তাৎক্ষণিক পোস্টার অাঁকার প্রতিযোগিতায়ও প্রথম হয়েছেন। দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিরাজ আজাদ ও তৃতীয় হন একই বিশ্ববিদ্যালয়ের জেরিন সুলতানা। বিজ্ঞপ্তি।