চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ নেই ১০ বছর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে এক দশক ধরে নিয়মিত অধ্যক্ষ নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। প্রতিষ্ঠানের শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কলেজের সর্বোচ্চ নির্বাহী পদটিতে একজন নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ চারবার বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু উপযুক্ত প্রার্থী না পাওয়ায় অধ্যক্ষ পদে কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানের মান নিম্নগামী হচ্ছে। ১৮০ জন অভিভাবক ও শিক্ষক এ সমীক্ষায় অংশ নেন। প্রতিষ্ঠানটির মান ফিরিয়ে আনতে একজন নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ারও সুপারিশ করা হয় এ সমীক্ষায়।জানা যায়, এ সমীক্ষাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ আল-আমীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অতি দ্রুত দায়িত্ব নিয়ে কাজ না করলে ভালো এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির মান কমে যাচ্ছে, এটা সবাই বুঝতে পারছেন। কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেন বলে মনে হচ্ছে না।’বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি মোহাম্মদ আল-আমীন আরও বলেন, ‘প্রশাসনে শৃঙ্খলা ও শিক্ষা-কার্যক্রমে গতি আনতে একজন অধ্যাপককে পূর্ণাঙ্গ অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হোক। এতে সবাই লাভবান হবেন।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য এখন পর্যন্ত চারবার বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু উপযুক্ত প্রার্থী না পাওয়ায় কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ’ জানা যায়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এ শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যালয় শাখা এবং ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় কলেজ শাখা। যাত্রার পর থেকেই এর ফলাফল ও শিক্ষা কার্যক্রমের সুনাম অল্প দিনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০০১ সালের ২০ নভেম্বর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। তখনকার নিয়মিত অধ্যক্ষ জাকের উল্লাহ অসুস্থ থাকায় কিরণ চন্দ্র দেবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য ২০০২-এর ৩ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ সময় ১৪ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু ২০০৩ সালের ৬ এপ্রিলের নির্বাচনী বোর্ডের সুপারিশে একই বছরের ৩ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪০০ তম সভায় এ নিয়োগ স্থগিত করা হয়।এরপর ২০০৫ সালের ১৬ জানুয়ারি পুনর্বিজ্ঞপ্তি দেওয়া হলে তাতে ১২ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু পর্যাপ্তসংখ্যক প্রার্থী না পাওয়ায় ২১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডের সভায় পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার সুপারিশ করা হয়। ২০০৬ সালের ১ জুন পুনর্বিজ্ঞপ্তি দেওয়া হলে একই বছরের ২৭ ডিসেম্বর নির্বাচনী বোর্ড গঠন করা হয়। এ ছাড়া সর্বশেষ এবং চতুর্থবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০০৮-এর ৬ আগস্ট। এ সময় তিনজন আবেদন করেন।এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও আনইজি ফিল করছি। একজন নিয়মিত ও পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানিয়েছি।’ শিক্ষার মান প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ১৩তম স্থান অর্জন করেছে। আমরা অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থী নিয়ে সেরা ফল অর্জন করেছি।’