চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে বরাদ্দ মাত্র আট লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আট লাখ টাকা দিয়ে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম! এমন অপ্রতুল বরাদ্দ নিয়েই চলছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ খাত। গত সাত বছরে এ খাতে বরাদ্দ বেড়েছে মাত্র তিন লাখ ৫০ হাজার টাকা। তবে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও বাজেটের শতাংশের হিসাবে বাড়েনি। অপ্রতুল বরাদ্দের কারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন গবেষক শিক্ষকেরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ে নিত্যনতুন গবেষণা কার্যক্রম নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ খাতে যথাযথ নজর দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, বাজেট প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের খুব একটা কিছু করার নেই। সরকার পর্যাপ্ত অর্থ দিলে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব। তিনি আরও বলেন, আগামী অর্থবছরে অন্যান্য খাতে ব্যয় কমিয়ে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে। জানা গেছে, গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গবেষণাকেন্দ্র। এসব কেন্দ্রে গবেষণা কার্যক্রমের জন্য কোনো বরাদ্দ নেই বলে জানা গেছে। কেন্দ্রগুলোকে দেওয়া বরাদ্দের সব অর্থ ব্যয় হয় সেমিনার আয়োজনে।এদিকে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ কমলেও অন্যান্য খাতে বরাদ্দ বাড়ছে ক্রমান্বয়ে। গত সাত বছরে বিজ্ঞাপন খাতে বরাদ্দ বেড়েছে ১৫ লাখ টাকা। ২০০৪-০৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল পাঁচ লাখ টাকা। সাত বছর পর ২০১০-১১ অর্থবছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয় ২০ লাখ টাকা।অনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ ছিল ৪৪ কোটি ৪৭ লাখ টাকা। আর গবেষণা খাতে বরাদ্দ ছিল চার লাখ ৫০ হাজার টাকা, যা মোট বাজেটের মাত্র দশমিক ১ শতাংশ!সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে বাজেটে মোট বরাদ্দ ছিল ১১২ কোটি ৯০ লাখ টাকা। এ বছর গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হয় মাত্র আট লাখ টাকা। এ বরাদ্দ মোট বাজেটের দশমিক ০৭ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং গবেষক অধ্যাপক আল আমীন প্রথম আলোকে জানান, ১১২ কোটি টাকার বাজেটে গবেষণা খাতে মাত্র আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ চিত্র থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের দীনতা স্পষ্ট হয়। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। নজরুল গবেষণাকেন্দ্রের পরিচালক ও নজরুল অধ্যাপক সৌরেন বিশ্বাস বলেন, এ গবেষণাকেন্দ্রকে প্রকৃত রূপ দিতে হলে প্রয়োজনীয় অর্থবরাদ্দ দিতে হবে।জানা গেছে, বিশ্ববিদ্যালয় বাজেটের প্রায় ৭৫ শতাংশ ব্যয় হয় বেতন-ভাতা খাতে। সাত বছরে এ খাতে বরাদ্দ বেড়েছে প্রায় দেড় গুণ। ২০০৩-০৪ অর্থবছরে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৩১ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা। চলতি অর্থবছরে একই খাতে বরাদ্দ দেওয়া হয় ৭৬ কোটি ২০ লাখ টাকা।বাজেট বই থেকে পাওয়া তথ্যানুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বাজেটে (২০১০-১১ অর্থবছর) গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রে বরাদ্দ দেওয়া হয় মাত্র ৭৫ হাজার টাকা। এর মধ্যে বই-জার্নাল কেনার জন্য ২০ হাজার টাকা এবং সেমিনার আয়োজনের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নজরুল গবেষণাকেন্দ্র, ব্যুরো অব বিজনেস রিসার্চ এবং সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে সেমিনার আয়োজনের জন্য বরাদ্দ দেওয়া হয় যথাক্রমে ৪০ হাজার, ৯৫ হাজার ও ৪৩ হাজার টাকা। এসব কেন্দ্রে বই-জার্নাল কেনার জন্য কোনো অর্থবরাদ্দ দেওয়া হয়নি।