চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ দাবিতে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এর আগে একই দাবিতে সকালে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। এ ছাড়া রোববারও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষকদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন। উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য মো. নাসিম হাসান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মোজাফফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া, ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষক কলিম উদ্দিন ভূঞা, কামাল হোসাইন প্রমুখ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইনস্টিটিউটের পরিচালক বলেন, শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গত ২২ মে ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা রাঙামাটি বনাঞ্চলে মাঠ সফরে যান। এ সফর শেষে শিক্ষার্থীরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। কিন্তু ফেরার পথে রাঙ্গুনিয়ার রাণীরহাট এলাকায় ইকবাল হোসেন নামের এক যুবকের নেতৃত্বে ৪৫-৫০ জনের একদল যুবক পরিকল্পিতভাবে বাসে হামলা করে। এ সময় দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পাননি বিশ্ববিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ শিক্ষক কলিমউদ্দিন ভূঞা। একাডেমিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে এ রকম হামলা ন্যক্কারজনক। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।এদিকে, গত বুধবার শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।