চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার আড্ডা আজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আজ রোববার বসবে ক্যারিয়ার আড্ডার আসর। এই আড্ডার আয়োজন করছে প্রথম আলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, রোটারি ক্লাব অব চিটাগং নর্থ ও রোটারি ক্লাব অব চিটাগং খুলশী। বেলা সাড়ে ১১টায় শুরু হবে অনুষ্ঠান।
দিনব্যাপী এই আয়োজনে আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান। বিসিএস ক্যারিয়ার নিয়ে বলবেন সিলেটের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। মূল বক্তা থাকবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সাবেক প্রধান তারিকুল ইসলাম।
দুই পর্বে বিভক্ত এই আড্ডায় প্রথম পর্ব পরিচালনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম। দ্বিতীয় পর্ব পরিচালনায় থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়নের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলী।
আয়োজন প্রসঙ্গে ক্যারিয়ার আড্ডার সমন্বয়কারী নাসির আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।’