চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জমজমাট বিতর্ক
যুক্তির শক্তিতে সমাজকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নে ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) যাত্রা শুরু। সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ‘শুধু বিতার্কিক নয়, আমরা চেয়েছি যুক্তিবোধের মাধ্যমে গড়ে উঠুক তরুণ প্রজন্ম এবং দক্ষ সংগঠক। তারাই গঠনমূলক সমাজ ও চিন্তাশীল জাতি গঠন করবে।’ প্রতিষ্ঠার দেড় দশক পরেও তারা সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। আর এই দীর্ঘ পথচলায় তাদের অর্জনও কম নয়। সভাপতি লুর্যাফর রহমান জানালেন, বিভিন্ন আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও তাঁরা পেয়েছেন অসংখ্য রানার আপ ও অন্যান্য পুরস্কার। ২০১১ সালে অনুষ্ঠিত বিডিএফ ইউএন উইমেন আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে এবং রবি-দৃষ্টি আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিইউডিএসের তার্কিকেরা। ‘চট্টগ্রামের অনেক সেরা বিতার্কিকই সিইউডিএসের তৈরি। এ ছাড়া সিইউডিএসের সদস্যরা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন।’ বললেন সিইউডিএসের সদস্য শাহরিয়ার আমিন। ১৫ বছরের ধারাবাহিকতায় সিইউডিএস করেছে নানামুখী কাজ। প্রতিবছর বিতর্ক কর্মশালা, আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন সময়ে বিতর্ক উর্যাসব ও আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে সিইউডিএস। বিএসডি-সিইউ চ্যাপ্টার: ২০০৯ সালের ২৪ জানুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ স্কুল অব ডিবেট চিটাগাং ইউনিভার্সিটি চ্যাপ্টার (বিএসডি-সিইউ চ্যাপ্টার)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য হতে পারেন। বিএসডি-সিইউ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম বললেন, ‘সারা দেশে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শুদ্ধ মানুষ ও দক্ষ সংগঠক তৈরি করা আমাদের লক্ষ্য।’ প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে বিতর্কের চর্চা করে আসছে সংগঠনটি। এ পর্যন্ত বিতর্ক উর্যাসব, আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, বইমেলা, সেমিনার, আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতাসহ বিতর্ক কর্মশালার আয়োজন করে তারা। আর গত মাসে অনুষ্ঠিত প্ল্যান বাংলাদেশ—ইউএসআইডি আন্তবিশ্ববিদ্যালয় ও ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় অর্জন করে রানার আপ হওয়ার গৌরব। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কের ভুবনে সিইউডিএস ও বিএসডি-সিইউ চ্যাপ্টার ছাড়াও বর্তমানে এখানকার বিভিন্ন বিভাগ ও আবাসিক হলগুলোর ১০টি বিতর্কসংগঠন সক্রিয় রয়েছে। এগুলো হলো: জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিবেট ক্লাব, আলাওল হল ডিবেটিং সোসাইটি, ইকোনোমিকস ডিবেট ফোরাম, স্যার এ এফ রহমান হল ডিবেটিং সোসাইটি, শাহ আমানত হল ডিবেটিং সোসাইটি, মার্কেটিং বিভাগের এসএইচপি ডিবেট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিক ডিবেটিং সোসাইটি, জার্নালিজম ডিবেট ফোরাম, আইন বিতর্ক মঞ্চ, সোহরাওয়ার্দী হল ডিবেট মুভমেন্ট।