
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসছে জাতিসংঘের অধিবেশন। বিশ্বের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে যুক্তিতর্ক করবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কী, শুনেই চোখ কপালে! এ কীভাবে সম্ভব? খবরটা কিন্তু সত্য। তবে এই অধিবেশন প্রতীকী। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে ১৯ মার্চ থেকে বসছে এই অধিবেশন, চলবে ২১ মার্চ পর্যন্ত।
সৃজনশীলতা, চৌকস নেতৃত্বের গুণাবলি অর্জন, কূটনৈতিক আলাপচারিতা ও সমঝোতার মাধ্যমে জটিল বিষয়গুলো সমাধান করে পৃথিবীকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে তৈরি হচ্ছে আজকের প্রজন্ম। এই লক্ষ্যে একটি বড় সুযোগের নাম প্রতীকী জাতিসংঘ।
চট্টগ্রামে প্রতীকী জাতিসংঘ নিয়ে কাজ করছে এমন একটি সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (সিইউমুনা)। গত বছরের এপ্রিলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া কয়েকজন তরুণের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু। তাঁদের ইচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরা।
এই সংগঠনটির উদ্যোগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ‘আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০১৫’। এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২২০ জন প্রতিনিধি অংশ নেবেন। পৃথিবীব্যাপী পরিবেশের ওপর চলতে থাকা হুমকির প্রতি দৃষ্টি রেখে অধিবেশনের প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘এম্পাওয়ারিং ইউথ ফর গ্রিন ডিপ্লোমেসি।’
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আর এই লক্ষ্যেই প্রতীকী জাতিসংঘের অধিবেশন আয়োজন করতে যাচ্ছি। এতে দেশ-বিদেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বিদেশের প্রতিনিধিরা আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবেন। এতে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বের কাছে পরিচিিত পাবে।’
সংগঠনের সভাপতি শাহরিয়াজ মোত্তাকিন জানান, জাতিসংঘ যেমন তার সদস্যরাষ্ট্রগুলো নিয়ে অধিবেশন করে, ঠিক সেই আদলে দেশ-বিদেশের শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী জাতিসংঘ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে ২২০ জন প্রতিনিধি অংশ নিতে আবেদন করেছেন।
এই আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরাও ভাবছেন সারা বিশ্বের কাছে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক প্রচারণার কথা।
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত সুলতানা বলেন, ‘মডেল ইউনাইটেড ন্যাশনসের ধারণা, পৃথিবীব্যাপী বেশ পুরোনো হলেও বাংলাদেশে তা দিন দিন জনপ্রিয় হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ রকম একটি আয়োজন হচ্ছে, যা সত্যিই আনন্দের। এমনিতেই সারা বছর নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বিশ্ববিদ্যালয়। এই আয়োজনের মাধ্যমে আশা করছি ইতিবাচকভাবে বিশ্বের কাছে উঠে আসবে বিশ্ববিদ্যালয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘এটি অবশ্যই একটি শুভ উদ্যোগ। এ জন্য আমরা শুরু থেকেই তাদের সব ধরনের সহযোগিতা করে আসছি।’
আপাতত ১৯ মার্চের অপেক্ষা। ওই দিন থেকেই যে শুরু হবে প্রতীকী জাতিসংঘের অধিবেশন।