চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পানিসংকট বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পানিসংকট বাড়ছে। ছাত্রাবাস (হল), শিক্ষক ডরমেটরি, কর্মকর্তা-কর্মচারী ভবনে দুই-তিন দিন পর্যন্ত পানি থাকছে না। তার ওপর দুই-তিন দিন পর পানি এলেও সেগুলো ঘোলাটে। ফলে এসব ময়লা পানি ব্যবহার করা যাচ্ছে না। জানা যায়, পানিসংকটের প্রধান কারণ বিশ্ববিদ্যালয় এলাকায় পানির স্তর নেমে যাওয়া। গত চার বছরে পানির স্তর নেমে গেছে ২০-৩০ ফুট। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি সেচযন্ত্রের (পাম্প) মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন ও ডরমেটরিতে পানি সরবরাহ করা হয়। এর মধ্যে বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট এবং সোহরাওয়ার্দী হলের সামনে স্থাপন করা সেচযন্ত্র দিয়ে প্রতিনিয়ত ময়লা পানি উঠছে। সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পানিসংকটের ফলে ছাত্রদের বিভিন্ন সমস্যা হচ্ছে। প্রকৌশল দপ্তরে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না তারা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে চিঠি দিয়েছি।’পানিসংকট প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, ‘পানির পাম্পগুলো মাঝেমধ্যে নষ্ট হয়ে যাওয়ায় সংকট দেখা দেয়। পানিসংকট দূর করার চেষ্টা চলছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চলতি বছরই পানিসংকট তীব্র হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। আগে যেখানে মাটির ২০-৩০ ফুট নিচে পানি পাওয়া যেত, এখন সেখানে পানি পাওয়া যায় প্রায় ৫০-৬০ ফুট নিচে। এ অবস্থা চলতে থাকলে পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ে পানিসংকট ভয়াবহ আকার ধারণ করবে। অবশ্য পানিসংকট দূর করতে শহীদ মিনারের পাশে একটি সেচযন্ত্র স্থাপন করা হচ্ছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে এটা দিয়ে পানি তোলা হবে। এতে সংকট কিছুটা দূর হবে।’বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষার শিক্ষক শিপক দেবনাথ জানান, প্রায় সময় টানা দুই-তিন দিন পানি থাকে না। শিক্ষক ডরমেটরিতে অবস্থানকারী শিক্ষক আসাদুল হক বলেন, ‘এখানে অনেক সময় দীর্ঘদিন পানি থাকে না।’বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থী জানান, কয়েক দিন পরপর এ সংকট দেখা দেয়। পানি তো থাকেই না, তার ওপর যা পাওয়া যায় তা-ও ঘোলা, বালুতে ভরা, ব্যবহারের অনুপযুক্ত। জোড়াতালি দিয়ে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা গেলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই।প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, পানিসংকট দূর করার জন্য ২০০৭-০৮ অর্থবছরে জাপান সরকারের কাছে ২০ কোটি টাকার একটি প্রকল্প পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কাছের হালদা নদী থেকে পানি নিয়ে আসার সেই প্রস্তাব আলোর মুখ দেখেনি। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অলক পাল প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর ধরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পানির স্তর নেমে যেতে পারে। আবার আশপাশে গড়ে ওঠা ইটের ভাটা, কাগজের কারখানা গড়ে ওঠাসহ প্রভৃতি বিরূপ প্রভাবও এ ক্ষেত্রে দায়ী। তবে সুনির্দিষ্ট কারণ বলা মুশকিল।’