চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূমিধসের পূর্বাভাস দেওয়ার যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ভূমিধসের পূর্বাভাস নির্ণয়ে একটি যন্ত্র স্থাপন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও নরওয়েজিয়ান জিওটেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে দেশে প্রথমবারের মতো ল্যান্ডস্লাইড আরলি ওয়ার্নিং সিস্টেম (এলইউডব্লিউএস) নামের এই যন্ত্র স্থাপন করা হয়। এ প্রসঙ্গে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অলক পাল জানান, ‘যন্ত্রটি ভূমিধসের পূর্বাভাস দেবে, এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সহজ হবে। একই সঙ্গে একাডেমিক ও গবেষণা কার্যক্রমেও কাজে লাগবে যন্ত্রটি।’ জানা যায়, ওই বিভাগের শিক্ষক মাহবুব মোর্শেদ ভূমিধস নিয়ে গবেষণা করছেন। এই যন্ত্রের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাহাড় কেটে অপরিকল্পিত নগরায়ণ ও বসতি স্থাপনের ফলে পাহাড়গুলো এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ রকম অনেক পাহাড়ের পাদদেশে বাস করছে মানুষ। বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ পাহাড় ধসে পড়ছে। এতে অনেক সময় ব্যাপক প্রাণহানি ঘটছে।’তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে স্থাপিত এই যন্ত্রের মাধ্যমে অতিরিক্ত বৃষ্টিপাতের পরিমাণ দ্রুত নির্ণয় করা সম্ভব। এতে ভূমিধস প্রতিরোধে তাৎ ক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ সূত্রে জানা গেছে, যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করবে। যন্ত্রে কয়েকটি মুঠোফোনের নম্বর দেওয়া থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ অতিরিক্ত হলে এবং এ কারণে ভূমিধসের আশঙ্কা জাগলে যন্ত্রটি সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে (সফটওয়্যারের মাধ্যমে) ও মুঠোফোনগুলোতে খুদেবার্তা (এসএমএস) পাঠাবে। মুঠোফোনধারী ব্যক্তি যন্ত্রের এই আগাম সংকেত পাওয়া মাত্র স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেবেন। ফলে কর্তৃপক্ষ মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে দ্রুত সরিয়ে নিতে পারবে।