চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী বিতর্ক ও পাবলিক স্পিকিং কর্মশালা। গত সোমবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান। এ কর্মশালায় এক হাজার একজন শিক্ষার্থী অংশ নেন। চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) দেশের এ বৃহৎ বিতর্ক কর্মশালার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বি এম আবু নোমান বলেন, ‘বিতর্কের মাধ্যমে তরুণেরা অর্জন করে সৃজনশীলতা। বিতর্ক তরুণদের চিন্তাশীল হতে সহায়তা করে। বিতর্ক তরুণদের নিজেদের আত্মোনয়নের পাশাপাশি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখে।’
সিইউডিএসের সভাপতি রাফিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ প্রমুখ।
এ কর্মশালায় জনসমক্ষে বক্তৃতা দেওয়ার কৌশল, বাংলা সংসদীয় বিতর্ক, সনাতনী বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি ও এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি থাকবে গ্রুমিং সেশন। গ্রুমিং সেশনে নবীন বিতার্কিকদের জড়তা ও লোকভীতি কাটানোর কৌশল শেখানো হবে। মাসব্যাপী কর্মশালা শেষে এতে অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা।