চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ নভেম্বর সুবর্ণ জয়ন্তী উৎসবের আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ও ঐতিহ্যভিত্তিক স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন। গত ২৯ সেপ্টেম্বরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের ঝুপড়িতে ‘আমরা চবিয়ান’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠনের পক্ষ থেকে এই দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সমন্বয়কারী সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সীমান্ত সৌরভ।
লিখিত বক্তব্য বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০ বছরে পদার্পণ করলেও মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভিত্তিক কোনো ভাস্কর্য নেই। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য রয়েছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘অপরাজয় বাংলা’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শাবাশ বাংলাদেশ’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বিজয়-৭১’ ভাস্কর্য জাতীয় গৌরবের অংশে পরিণত হয়েছে।
সংগঠনের নেতা-কর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও স্বাধীনতা বিরোধী চক্রের অপতৎপরতায় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের দাবি উপেক্ষিত হয়েছে। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর আগেই ভাস্কর্য নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
১ থেকে ১৫ অক্টোবর ভাস্কর্য নির্মাণের দাবিতে ক্যাম্পাসে গণসংযোগ করা হবে বলে নেতা-কর্মীরা জানান। ১৮ অক্টোবর চট্টগ্রামের প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

রাউজান ক্লাবের উদ্যোগে স্মরণসভা
রাউজানে যুগে যুগে অনেক জ্ঞানী ও গুণীজনের আবির্ভাব ঘটেছিল। তাঁরা মৈত্রীর আহ্বানে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধ রচনা করেছেন। অবদান রেখেছেন সমাজে অন্যায় ও অবিচার বন্ধে। তাঁদের পথ ধরে সমাজের জন্য কাজ করে গেছেন শিক্ষানুরাগী ও উদ্যোক্তা মোহাম্মদ আবু তাহের।
রাউজান ক্লাবের উদ্যোগে আয়োজিত মোহাম্মদ আবু তাহেরের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গত ২৯ সেপ্টেম্বর নগরের একটি হোটেল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। সভাপতিত্ব করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আ ফ ম আওরঙ্গজেব, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিৎ কুমার ধর, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমেদ খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইআইইউসির অধ্যাপক বি এম মফিজুর রহমান আল্-আজহারী ও বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ।
সভা সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রাউজান ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। বিজ্ঞপ্তি।