চট্টগ্রাম বোর্ডের অধীনে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে।নগরের উত্তর হালিশহর এলাকায় গড়ে ওঠা চট্টগ্রাম বিভাগের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ‘চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজ’ সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের ধারণা না থাকা, অনুন্নত যোগাযোগব্যবস্থা, দক্ষ শিক্ষকের অভাব ইত্যাদির কারণে এখানে শিক্ষার্থী কমে যাচ্ছে বলে জানা যায়।আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৪৫৩ জন। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য প্রতিটি বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কেবল গার্হস্থ্য অর্থনীতিতে পরীক্ষার্থী কমছে। বিজ্ঞানে এ বছরে পরীক্ষার্থী ১০ হাজার ২৫০ জন। গত বছর ছিল আট হাজার ৯৫৭ জন। মানবিকে পরীক্ষার্থী ১৭ হাজার ৬৯ জন। গত বছরে ছিল ১৫ ২০৩ জন। বাণিজ্য বিভাগে এ বছর পরীক্ষার্থী ২৭ হাজার ১২৫ জন। গত বছর ছিল ২৩ হাজার ৯৪৫ জন। এদিকে, এ বছর গার্হস্থ্য অর্থনীতি বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। পুরো বোর্ডে এবার মাত্র ১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অথচ গত বছরে পরীক্ষার্থী ছিল ১৮ জন। পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোনাব আলী বলেন, ‘আমাদের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পর্কে এখনো অনেক শিক্ষার্থী জানেন না। তা ছাড়া শহর থেকে অনেক দূরে বলে যাতায়াত সমস্যার কারণেও শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলেন। আমাদের এখানে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকের অভাব রয়েছে। ফলে কোনোভাবে পরীক্ষায় পাস করলেও নিবন্ধন পরীক্ষায় ভালো ফলাফল করতে না পেরে চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়েন। আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু বড় সমস্যা হলো, কোনো শিক্ষক ঢাকার বাইরে এসে কাজ করতে রাজি হন না।’ এ বছরে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়েনি। ৮৮টি কেন্দ্রই বহাল রয়েছে। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। তবে গত বছরের কয়েকটি কেন্দ্র এবার পরিবর্তন করা হয়েছে। একই কেন্দ্রে প্রতিবছর পরীক্ষা অনুষ্ঠানের ফলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে বলে বোর্ড কর্তৃপক্ষ এ ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকে।