‘নারী আমাদের মা-বোন, নারী আমাদের জীবন’—এই থিম সংগীত বাজছিল কনসার্টের ফাঁকে ফাঁকে। মাঠ তখন তরুণ-তরুণীতে ঠাসা। জনপ্রিয় সব ব্যান্ডের জনপ্রিয় সব গানে সে কী হই-হুল্লোড় আর নাচানাচি! গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের তরুণ প্রজন্ম জীবনের সব ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বললেন গানে গানে।‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: সত্যিকার পুরুষ হোন’ স্লোগানে ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিউজিক্যাল ব্যান্ডস (বামবা) যৌথভাবে আয়োজন করে এই কনসার্ট। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে চলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই কনসার্ট। কনসার্টে অংশ নেয় বামবার ১৩টি ব্যান্ড দল। কনসার্ট শুরু হয় বেলা তিনটায়। গান পরিবেশন করতে প্রথমে মঞ্চে ওঠে ব্যান্ডদল বেদুঈন। বেদুঈন গান পরিবেশন করে পাঁচটি। বেদুঈনের পর একে একে মঞ্চে গান পরিবেশন করে পাওয়ার সার্জ, ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট। তখন দুপুরের প্রচণ্ড রোদের মধ্যেও তরুণদের মাঝে দেখা গেছে দারুণ উচ্ছলতা। মঞ্চে উঠে ক্রিপটিক ফেইট গান করে ‘প্রতিবাদ’, ‘ভবঘুরে’ ও ‘কিভাবে তুমি আমাকে তুমি বলবে’। এর পরই শ্রোতাদের মাতিয়ে তুলতে মঞ্চে ওঠে ফিডব্যাক ও প্রমিথিউস। ফিডব্যাক ব্যান্ড দল গেয়ে শোনায় ‘ফিরে এসো এই অন্তরে’, ‘আয় আয় আয় রে আয়, আমরা সবাই মেলায় যাই,’ ‘আজ বেলা শেষে যদি খেলা ভাঙে’, ‘উদাসীন এই মন’ গানগুলো।অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নারীর প্রতি সহিংসতাবিরোধী শপথ। মঞ্চে ওঠা শিল্পীরাই উপস্থিত তরুণ প্রজন্মকে এই শপথ করান। আর হাত তুলে নাচে-গানে-আনন্দে মাতোয়ারা হয়ে নারীর প্রতি সব ধরনের নির্যাতন-সহিংসতাকে না বলেন কনসার্টে আসা তরুণেরা। সন্ধ্যার পরই অনুষ্ঠান হয়ে ওঠে আরও জমজমাট। মঞ্চে আসেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন, বামবার সভাপতি হামিন আহমেদ ও এলআরবির সদস্য আইয়ুব বাচ্চু। এরপর মঞ্চে আসেন বামবাসহ সব ব্যান্ড দলের সদস্যরা।তাঁরা সবাই একে একে নারীর প্রতি সহিংস আচরণ ও ইভটিজিং বন্ধ করে নরীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং সত্যিকার পুরুষ হয়ে ওঠার আহ্বান জানান। ওই সময় বামবার সভাপতি হামিন আহমেদ সবাইকে হাত তুলে নারীর প্রতি সব সহিংসতাকে ‘না’ বলতে শপথ করান। তখন উপস্থিত সবাই হাত তুলে সমস্বরে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলেন। অতিথিরা মঞ্চ থেকে নামার পর গান পরিবেশন করতে ওঠে নেমেসিস। নেমেসিসের জোয়াদ পরিবেশন করেন তিনটি গান। ওই সময় মাঠ থেকে ওড়ানো হয় তিনটি সুদৃশ্য ফানুস। এর পরই মঞ্চে ওঠে ব্যান্ড দল এলআরবি। তখন মাঠে শ্রোতাদের মধ্যেও উল্লাসের হর্ষধ্বনি। জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু মাতিয়ে তোলেন ‘অচেনা এই মন’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানগুলো গেয়ে। এরপর আরও গান করে ওয়ারফেইজ, অর্থহীন, নগরবাউল ও মাইলস। মাইলসের গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কনসার্ট।