চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে — স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা অচিরেই বাস্তবায়ন হবে। আরেকটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাও বর্তমান সরকারের সক্রিয় বিবেচনাধীন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ১২ আগস্ট নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শেখ শফিউল আজমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব এম ইকবাল আসলান, সহসভাপতি মো. নুরুল ইসলাম ও মহানগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন। বক্তব্য দেন মুজিবুল হক খান, মোহাম্মদ শরীফ, নাসির উদ্দিন মাহমুদ, নিয়াজ উদ্দিন, আশরাফুল ইসলাম, ফয়সাল ইকবাল চৌধুরী, আরিফুল আমীন, সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি।