চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাজ শুরু হলো না চার মাসেও
জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ের চার মাস পরও চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক (অক্সিজেন থেকে হাটহাজারী ১২ দশমিক ৫০ কিলোমিটার অংশ) সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু করা যায়নি। প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে এ প্রকল্পের কাজ চলতি বছরের এপ্রিলে শুরুর কথা ছিল। শেষ করার কথা রয়েছে ২০১৩ সালের ডিসেম্বরে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের সঙ্গে উত্তর চট্টগ্রামের যোগাযোগ অনেক সহজ হবে এবং সড়কে যানজট নিরসন হবে। এতে হাজার হাজার মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। ভূমি অধিগ্রহণে দেরি হলে প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলেছেন, আজ জেলা প্রশাসনের ভূমি হুকুমদখল শাখার (এলএ) দপ্তরে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণসংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। যোগাযোগ করলে বৈঠকের কথা স্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আনিছুর রহমান মিয়া বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের লোকজন সীমানা নির্ধারণের মাধ্যমে চূড়ান্ত নকশা করতে দেরি করায় এ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে পড়েছে। তবে আমাদের লোকজন ইতিমধ্যে নকশা করে সওজের কাছে পাঠিয়েছেন। তাঁরা (সওজ কর্মকর্তারা) আজকের বৈঠকে সই করা অ্যালাইনমেন্ট নিয়ে আসার কথা রয়েছে। আশা করি, আজই বিষয়টি অনুমোদন হয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ ঈদের পরেই কাজ শুরু হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে, বাজেট বরাদ্দের আগেই প্রথম পর্বের ৩ দশমিক ৭ কিলোমিটার অংশের কাজের জন্য দরপত্র আহ্বানের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে বিপাকে পড়েছে সওজ কর্তৃপক্ষ। জানা যায়, প্রথম পর্বে ৩ দশমিক ৭ কিলোমিটার অংশের দরপত্র আহ্বান করা হয় ২০০৯ সালের নভেম্বরে। এ পর্বের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ টাকা। চলতি বছরের ৮ এপ্রিল আনোয়ার পপুলার (জেভি) নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার সূত্র জানায়, গত এপ্রিলে ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও তাদের প্রকল্পের জমি বুঝিয়ে দেওয়া হয়নি। ফলে চার মাস ধরে তাদের লোকজন অলস বসে আছেন। সওজ সূত্র জানায়, গত জুনে আনোয়ার পপুলার (জেভি) কর্তৃপক্ষ প্রকল্পের কাগজপত্র ও জমি বুঝিয়ে দেওয়ার জন্য সওজ কর্তৃপক্ষকে একটি চিঠিও দেয়। প্রকল্পের প্রথম পর্বের কাজের অংশ হিসেবে সরকার ১০ কোটি টাকা বরাদ্দও দিয়েছে। ওই টাকা ব্যাংকে পড়ে আছে। সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দেরি হলে সময়মতো প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দেবে। কারণ দিন দিন নির্মাণসামগ্রীর দাম বাড়ছে। ফলে বরাদ্দ করা অর্থে প্রকল্প বাস্তবায়নে সমস্যা দেখা দিতে পারে। সওজের নির্বাহী প্রকৌশলী প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হাটহাজারীর বাসিন্দা আবদুল করিমের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তিনি চান প্রকল্পের কাজ দ্রুত শুরু হোক।’ এদিকে, সড়কের অক্সিজেন, আমানবাজার, বড়দীঘিরপাড়, চৌধুরীহাট ও মদনহাট অংশে সাম্প্রতিক বৃষ্টিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন এসব জায়গায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশ যানজটকবলিত এলাকায় পাঁচজন করে পুলিশ মোতায়েন করেছে। জানা যায়, ২০০৯ সালের ৫ মে একনেকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক প্রকল্পটি অনুমোদন হয়। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২৯ দশমিক ৫১ কোটি টাকা। এর মধ্যে সড়ক নির্মাণ খাতে ৭৫ কোটি টাকা, জমি অধিগ্রহণ খাতে ৩১ কোটি ৭৯ লাখ টাকা, অবকাঠামোগত ক্ষতিপূরণ খাতে ১৫ কোটি ৯০ লাখ টাকা এবং অন্যান্য খাতে সাত কোটি ২৫ লাখ টাকা ব্যয় হবে। সড়কটির জন্য মোট ভূমি অধিগ্রহণ করা হবে ১৩ হেক্টর। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ভূমি রয়েছে সাত দশমিক ২৭ হেক্টর। সূত্র জানায়, সিটি করপোরেশন এলাকার ভূমি অধিগ্রহণ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে শিগগির বৈঠক হবে। প্রকল্পের নথি থেকে জানা যায়, সড়কের প্রস্থ হবে ৮৬ ফুট। এর মধ্যে ডিভাইডার চার ফুট, উভয় পাশে দুই লেনের রাস্তা ২৪ ফুট করে ৪৮ ফুট, সড়কের পশ্চিম পাশে ১২ ফুট ধীরগতিসম্পন্ন গাড়ির (রিকশা, ঠেলা, ভ্যানগাড়ি ইত্যাদি) জন্য এবং সড়কের পূর্ব পাশে কাঁচা থাকবে ১২ ফুট। উভয় পাশে নালা ও ফুটপাতের জন্য (যেখানে প্রযোজ্য) পাঁচ ফুট করে ১০ ফুট জায়গা রাখা হবে। এদিকে, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বর্তমানে এ সড়কের ধারণক্ষমতার ১০ গুণ গাড়ি চলছে। আমরা নানাভাবে যানজট নিরসন করার চেষ্টা করছি। যত দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা যায় ততই মঙ্গল হবে।’