চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠান ২৭ মে বুধবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী জিনাত আজম। প্রধান অতিথি ছিলেন অধ্যাপিকা খালেদা হানুম। ক্লাব সদস্য ইসমাত আরার সঞ্চালনায় রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাব উপদেষ্টা সেরীনা তাহের, ক্লাব সম্পাদিকা খালেদা আউয়াল, দৈনিক পূর্বকোণের জ্যেষ্ঠ সহসম্পাদক ডেইজী মওদুদ প্রমুখ। কবিতা পাঠ করেন বোরহানা কবির, শামীম আরা আহাদ, মর্জিনা আখতার, রোকেয়া বারী, শামসুন্নাহার করিম, আলেয়া চৌধুরী, কাজী রুনু বিলকিস। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মাইনু নিজাম। সূচনা বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি পারভিন চৌধুরী। শুরুতে কোরআন তেলোয়াত করেন সদস্য ফেন্সী ইসমাইল।
অধ্যাপিকা খালেদা হানুম বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম বাংলাসাহিত্যের দুই দিকপাল। তাদের কবিতা-গান আমাদের প্রেরণার উৎস।’
অনুষ্ঠানের প্রথম পর্বে লেডিস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সাধারণ সম্পাদিকা খালেদা আউয়ালকে সম্মাননা প্রদান করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। বিজ্ঞপ্তি