চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নতুন সফটওয়্যার
ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ১১টা। আর তখনি ঘণ্টা বাজিয়ে নতুন সফটওয়্যারের মাধ্যমে ট্রেড চালু হলো। গত বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ট্রেডিং সফটওয়্যার নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম (এনজিটিএস) উদ্বোধন করেন সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ। আর এর মাধ্যমে এ স্টক এক্সচেঞ্জে অত্যাধুনিক সমন্বিত লেনদেন (ইন্টিগ্রেটেড ট্রেডিং) কার্যক্রম চালু হলো। সিএসই সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সাদামাটাভাবে নতুন সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তীকালে বাজার পরিস্থিতি ভালো হলে একটি বড় ধরনের অনুষ্ঠান করা হবে। তিনি জানান, এনজিটিএসের মাধ্যমে যেকোনো বিনিয়োগকারী সরাসরি ব্রোকার হাউসের মাধ্যমে লেনদেনের পাশাপাশি ইন্টারনেট ও মুঠোফোনের মাধ্যমেও লেনদেনে অংশগ্রহণ করতে পারবেন। ব্রোকার হাউসগুলো বিনিয়োগকারীর স্টক এবং অ্যাকাউন্ট ব্যালেন্স সরাসরি মনিটর করতে পারবে। পাশাপাশি নতুন এ সফটওয়্যারে রয়েছে মার্কেট রিপ্লে ও হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিসের ব্যবস্থা যার মাধ্যমে সিএসইতে লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এনজিটিএস প্রতি সেকেন্ডে ৮০০ অর্ডার গ্রহণ করতে পারবে, যা বর্তমান লেনদেন ব্যবস্থার চেয়ে ১০০ গুণ বেশি। এটি প্রতিদিন ১০ লাখ অর্ডার গ্রহণ করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএসইর সহসভাপতি আল মারুফ খান, এ কিউ আই চৌধুরী ও তারেক কামাল। এতে উপস্থিত ছিলেন পরিচালক বিজন চক্রবর্তী, এ এস এম শহীদুল্লাহ, মো. মফিজউদ্দিন, মো. মহিউদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমান দায়িত্বপ্রাপ্ত ) সৈয়দ সাজিদ হোসেন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক