চট্টগ্রামও হতে পারে ব্যাংকক-কুয়ালালামপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় আর নদীর মিতালি, আছে সমুদ্রের গর্জন—এমন নৈসর্গিক সৌন্দর্যভরা চট্টগ্রাম কাছে টানে পর্যটকদের। মন্ত্রণা দেয় প্রকৃতিতে হারিয়ে যাওয়ার। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন... ডিনোরা গার্সিয়া রুদ্রেগেজ কথা বলেন হাত নেড়ে নেড়ে রাজ্যের উচ্ছ্বাস নিয়ে। নিজেকে পরিচয় করিয়ে দেন ষাট বছরের তরুণী হিসেবে। তেমন উচ্ছ্বাস নিয়েই বললেন, ‘চট্টগ্রাম একটা বিস্ময়। আমেরিকার বহু পর্যটক এখানে আসতে চায়। দেখবে আর কয়েক বছরের মধ্যেই বদলে যাবে তোমাদের শহরটা। ঠিক যেমন ব্যাংকক-কুয়ালালামপুর!’মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের সাবেক অধ্যাপক ডিনোরা সম্প্রতি চট্টগ্রামে এসেছিলেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মানুষজন এখন অর্থনৈতিক মন্দার কারণে নিজেদের বহু অভ্যাসে পরিবর্তন আনলেও বেড়ানোটা ধরে রেখেছেন। গত কয়েক বছর আগেও যাঁরা বিশ্বের ব্যয়বহুল দেশগুলোতে বেড়াতে গেছেন তাঁরা এখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে আসতে চাইছেন। এর কারণ কম খরচে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের সহজ-সরল জীবন দেখার সুযোগ আছে এখানে। চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটররাও ডিনোরার সুরেই কথা বললেন। তাঁরা জানান, কম ভাড়ার ভালো হোটেল-মোটেল ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালু করলে বিপুলসংখ্যক পর্যটক আসবেন।উইংস ক্লাসিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের কর্মকর্তা এস এম মাজহারুল আলম বলেন, ‘প্রতিবছর প্রায় হাজার খানেকের মতো বিদেশি পর্যটক চট্টগ্রামে আসেন। এঁদের থাকার উপযোগী যথেষ্ট হোটেল চট্টগ্রামে নেই। দু-একটি ভালো মানের হোটেল থাকলেও বেশি ভাড়ার কারণে পর্যটকেরা সেগুলোতে যেতে আগ্রহী হন না। সস্তায় থাকা যায় এমন ভালো মানের প্রচুর হোটেল ও চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক রুটের যথেষ্ট ফ্লাইট চালু থাকলে এখানে প্রচুর পর্যটক আসবেন।’ পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।বাংলাদেশ ইকো ট্যুরের মাধ্যমে প্রতিবছর ইউরোপ, আমেরিকা ও দূর প্রাচ্যের দু-তিন শ পর্যটক চট্টগ্রামে বেড়াতে আসেন। এই সংস্থার প্রধান দিদারুল আফসার চট্টগ্রামের পর্যটনশিল্পের বিকাশের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, ‘প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস বিদেশি পর্যটকেরা বেশি আসেন চট্টগ্রামসহ সারা দেশে। তবে তাঁদের বেশির ভাগই কম খরচে বেড়াতে আসেন। এ ধরনের পর্যটকদের বলা হয় ‘ব্যাকপ্যাক ট্যুরিস্ট’। যেকোনো দেশের পর্যটনশিল্পকে প্রধানত বাঁচিয়ে রাখেন ব্যকপ্যাক ট্যুরিস্টরা। এঁরা ১০ থেকে ১৫ ডলারের মধ্যে কম খরচের পরিচ্ছন্ন হোটেলে থাকতে চান। চট্টগ্রামে এ ধরনের হোটেলের সংখ্যা কম হওয়ায় পর্যটকেরা আসতে উৎসাহিত হচ্ছেন না।এদিকে আগামী বছরের ১ জুলাই ৬৮টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ২০০ আসনের রেস্তোরাঁসহ নানা সুবিধা নিয়ে পর্যটন করপোরেশনের মোটেল সৈকত চালু হতে যাচ্ছে। এই মোটেল চালু হলে ভালো মানের হোটেলের ঘাটতি অনেকটা কমবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা আশা করছি আগামী বছরের জুনের মধ্যে পাঁচতলা ভবনের কাজ পুরোপুরি শেষ হবে এবং ১ জুলাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারব।’ বর্তমানে নতুন রেলওয়ে স্টেশনের দোতলায় ১৪টি কক্ষ ভাড়া নিয়ে অস্থায়ীভাবে চলছে মোটেল সৈকতের কার্যক্রম। কিন্তু রেলওয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অক্টোবর। পর্যটন করপোরেশন ২০১৩ সালের ৩০ জুলাই পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছে রেলওয়ের কাছে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. তফাজ্জল হোসেন এ বিষয়ে জানান, পর্যটন করপোরেশনের কাছ থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব পেয়েছি। বিষয়টি বিবেচনা করা হবে।পর্যটন করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে গত বছরের ২৩ ডিসেম্বর শুরু হয় মোটেল সৈকত প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ ধরা হয় ১৮ মাস। নগরের স্টেশন রোড এলাকায় প্রায় এক একর জায়গার ওপর গড়ে উঠছে নতুন পাঁচতলা ভবন। এতে থাকবে ৬৮টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ২০০ আসনের একটি রেস্তোরাঁ, একটি বার, ২০০ আসনের একটি সম্মেলন কক্ষ, পর্যটক তথ্যকেন্দ্র, হোটেল বুকিং ব্যবস্থা ইত্যাদি।