চট্টগ্রামসহ দুই বিভাগের জন্য আতপ চাল কিনছে সরকার
চট্টগ্রাম ও সিলেটের বাসিন্দাদের জন্য আরও প্রায় সাড়ে চার লাখ টন আতপ চাল কিনছে সরকার। সরকারের নানা কর্মসূচিতে এ চাল বিতরণ করা হবে। চালের প্রথম চালান বন্দরে এসেছে। এই চাল কিনতে ব্যয় হবে এক হাজার ৪৩৭ কোটি টাকা। সেই হিসাবে কেজিপ্রতি আতপ চালে খরচ পড়ছে ৩১ টাকা ৯৪ পয়সা।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের সঙ্গে সরকারের (জি টু জি) চুক্তি অনুযায়ী ভিয়েতনাম থেকে আসছে প্রায় আড়াই লাখ টন আতপ চাল। এ ছাড়া ফনিক্স, সানলাইট, আমিরা ফুড ও ইন্দোসিনো কোম্পানির প্রতিটি ৫০ হাজার টন করে মোট দুই লাখ টন আতপ চাল সরবরাহ করছে। দরপত্রের মাধ্যমে এসব প্রতিষ্ঠান এই চাল সরবরাহ করছে। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই সাড়ে চার লাখ টন আতপ চাল সরবরাহের চুক্তি হয়েছে।জানা গেছে, এর আগে ভিয়েতনাম সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এক লাখ টন চালের চালান খালাস হয়েছে বন্দরে। এ ছাড়া বেসরকারি একটি কোম্পানি দরপত্রের মাধ্যমে আরও ৫০ হাজার টন আতপ চাল সরবরাহ করে। এই দেড় লাখ টন চালের চালান খালাস হয়েছে। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আতপ চালই কেনা হচ্ছে ছয় লাখ টন। এতে সরকারের ব্যয় হচ্ছে মোট দুই হাজার ১০ কোটি টাকা।সরকার এসব চাল অন্তত ১৩টি বিতরণ চ্যানেলের মাধ্যমে কেনা দামের চেয়ে কম দামে সরবরাহ করছে। যেমন, চট্টগ্রামে খোলা বাজারে চাল বিক্রি কর্মসূচিতে প্রতিকেজি চাল খাদ্য বিভাগ বিক্রি করছে সাড়ে ২২ টাকা। প্রতিকেজিতে সরকার ভর্তুকি দিচ্ছে প্রায় সাড়ে নয় টাকা। এই বিপুল পরিমাণ আতপ চাল কোথায় বিতরণ করা হবে জানতে চাইলে খাদ্য বিভাগের মহাপরিচালক আহমেদ হোসেন সমপ্রতি প্রথম আলোকে বলেন, ‘আতপ চাল সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগে লোকজন খেতে অভ্যস্ত। এই দুই অঞ্চলে মূলত এসব চাল বিতরণ করা হবে। তবে উত্তরবঙ্গসহ অন্যান্য জায়গায় এই চাল বিতরণ করা যায় কি না আমরা দেখছি।’ খাদ্য বিভাগের হিসাবে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ১০ লাখ টন আতপ ও সিদ্ধ চাল কেনার চুক্তি হয়েছে। দরপত্রের মাধ্যমে এবং সরকারি পর্যায়ে এসব চাল কেনার চুক্তি হয়। এ পর্যন্ত আমদানি হয়েছে সোয়া তিন লাখ টন চাল।