চট্টগ্রামে আন্তজেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু আজ
বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত আন্তজেলা ভলিবল প্রতিযোগিতার (পুরুষ) ‘খ’ অঞ্চলের চ্যাম্পিয়নশিপ আজ বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। এতে ‘ক’ গ্রুপে স্বাগতিক চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট এবং ‘খ’ গ্রুপে কুমিল্লা, বান্দরবান ও কক্সবাজার জেলা অংশ নেবে।মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছে প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল তিনটায় এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। উদ্বোধনী দিন সকাল সাড়ে আটটায় বান্দরবান ও কক্সবাজার এবং বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম ও নোয়াখালী মুখোমুখি হবে। ১৭ মার্চ সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।সিজেকেএস ভলিবল কমিটির সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘প্রতিযোগিতা উপলক্ষে এক লাখ ১৫ হাজার টাকার বাজেট দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ হাজার টাকা বাংলাদেশ ভলিবল ফেডারেশন এবং এক লাখ তিন হাজার টাকা প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরএম এন্টারপ্রাইজ দেবে। স্বাগতিক দল ছাড়া অন্য দলগুলোকে ফেডারেশন চার হাজার টাকা করে দেবে। সিজেকেএস শুধু অংশগ্রহণকারী দলগুলোর আবাসনের ব্যবস্থা করবে।’ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিজেকেএস সহসভাপতি শাহিন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান চন্দন ধর, আল্লামা ইকবাল, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ। আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘খেলাধুলা নির্মল বিনোদনের মাধ্যম। মাদকের হাতছানি ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহী করে তুলতে হবে।’সম্মেলনে জানানো হয়, ভলিবলে চট্টগ্রাম পিছিয়ে আছে। তাই সিজেকেএসের অনুপ্রেরণায় ভলিবল কমিটি এ খেলাকে গতিশীল করার কর্মসূচি হাতে নিয়েছে।