চবিসাসের সেমিনারে যোগাযোগমন্ত্রী
চট্টগ্রামে উড়ালসেতুর মতো অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন হয়েছে
চট্টগ্রামে পোর্ট কানেকটিং উড়ালসেতুর মতো অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ রকম অপ্রয়োজনীয় প্রকল্পের কারণে দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না। ২৬ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজিত সেমিনারে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
‘একুশ শতকের সাংবাদিকতায় প্রযুক্তি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চবিসাসের সভাপতি হুমায়ুন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। সেমিনারে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, এটিএন নিউজের আউটপুট এডিটর প্রণব সাহা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, দৈনিক মুক্তবাণী পত্রিকার প্রকাশক ববিতা বড়ুয়া প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কাজও সম্পন্ন হবে। তিনি আরও বলেন, কর্ণফুলী টানেল বাস্তবায়িত হলে চীনের সাংহাইয়ের মতো নদীর দুই পাড়ে দুটি বাণিজ্যিক শহর তোলা হবে।