চট্টগ্রামে এক বছরে ৭৬ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ায় জামায়াত-শিবির সমর্থকদের হামলায় নিহত যুবলীগ নেতা আবদুল জব্বারের স্বজনদের আহাজারি (ফাইল ছবি)
সাতকানিয়ায় জামায়াত-শিবির সমর্থকদের হামলায় নিহত যুবলীগ নেতা আবদুল জব্বারের স্বজনদের আহাজারি (ফাইল ছবি)

চট্টগ্রামে গত এক বছরে খুন হয়েছেন ৭৬ ব্যক্তি। এদের অর্ধেকই নিহত হয়েছেন রাজনৈতিক সহিংসতায়। এর আগের বছর অর্থাৎ ২০১২ সালে রাজনৈতিক সহিংসতা সে মাত্রায় না হওয়ায় খুনের ঘটনা ঘটেছে মাত্র ৩৫টি। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত টানা সহিংসতায় চট্টগ্রাম নগর ও জেলায় নিহত হয়েছেন ৩৮ ব্যক্তি। যাদের বেশির ভাগই সাধারণ মানুষ।
নিহতের তালিকায় থাকা উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি অবরোধ ও হরতালকারীদের ছোড়া ইট, ককটেল ও পেট্রলবোমার আঘাতে নিহত হয়েছেন। অপরাধজনিত খুনের পাশাপাশি রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় গত ২৫ ডিসেম্বর জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। নগর ও জেলার বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে আতঙ্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা সময়ে অভিযান চালালেও সহিংস ঘটনায় সাধারণ মানুষের প্রাণহানি বন্ধ হয়নি।
সহিংসতা ছাড়াও গত এক বছরে খুনের ঘটনা ঘটেছে ৩৮টি। অপরদিকে, রাজনৈতিক সহিংসতায়ও সমানসংখ্যক মানুষ খুন হয়েছেন। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই খুনের ঘটনা ঘটেছে ১১টি।
গত বছর ফেব্রুয়ারি মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার রায় ঘোষণার পর সহিংসতায় নতুন মাত্রা যোগ হয়। এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের হরতাল-অবরোধসহ নানা কর্মসূচির কারণে বছরজুড়ে সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার রায় ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি নগরের অলংকার মোড় ও দেওয়ানহাট এলাকায় চারজন এবং লোহাগাড়ায় একজন নিহত হন। ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর আবারও তাণ্ডব চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ওই দিন লোহাগাড়ায় প্রাণ হারান এক পুলিশসহ তিনজন। একই ঘটনায় ডাকা হরতালে ২ মার্চ সাতকানিয়ায় প্রাণ হারান তিনজন।
গত ১১ এপ্রিল ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শোভাযাত্রায় মাইকে গুজব ছড়িয়ে হামলা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তিনজন নিহত হন। এ ছাড়া নেতা-কর্মীদের শতাধিক মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। ভূজপুরের পর গত ৬ মে হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেধে যায়। এতে এক সেনা কর্মকর্তাসহ ছয়জন নিহত হন।
বছরজুড়েই অবরোধ-হরতাল পালনকারী জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের লক্ষ্য ছিল গণপরিবহন ও সাধারণ যাত্রীরা। নগরে তাঁদের হাতে গত ২৫ মার্চ একজন, গত ৪ নভেম্বর দুজন, ১০ নভেম্বর নগর ও জেলার নানা স্থানে তিনজন এবং ২৭ ও ২৮ নভেম্বর সাতকানিয়ায় দুজন ও ৩০ নভেম্বর দুজন নিহত হন।
এ ছাড়া গত ১১ নভেম্বর লোহাগাড়ায় ছাত্রলীগের নেতা মাহবুবুর রহমানকে শিবিরের কর্মীরা জবাই করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
সহিংসতায় প্রাণ গেছে জামায়াত-শিবিরের কর্মীদেরও। গত ২৩ নভেম্বর সাতীকুণ্ড থেকে আমিনুল ইসলাম নামের শিবিরের এক কর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। পরদিন মিরসরাইয়ে সহিংসতায় নিহত হন জসীম উদ্দিন নামের এক যুবক।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, তদন্ত অব্যাহত আছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া গত ২৭ আগস্ট ডেন্টাল কলেজের ছাত্র জাহেদুল ইসলাম, ২৭ অক্টোবর নগর যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির এবং গত ২৪ জুন নগরের সিআরবি এলাকায় রেলওয়ের কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে শিশু আরমান ও যুবলীগের নেতা সাজু পালিত নিহত হওয়ার ঘটনা ছিল বছরজুড়ে আলোচিত।
আলোচিত এসব ঘটনাসহ বেশির ভাগ মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। সে কারণে ধরা পড়েনি আসামিরা। পুলিশের দাবি, হরতাল-অবরোধে ব্যস্ত থাকায় তাদের তদন্তকাজ এগোচ্ছে না।