চট্টগ্রামে কনভেনশন সেন্টার চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তৈরি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাঁদের উৎপাদন ও সাফল্য তুলে ধরার জন্য একটি কনভেনশন সেন্টার চান। সরকার এককভাবে নির্মাণ না করলে প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতেও তা নির্মাণ করা যেতে পারে। দশম চিটাগাং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো) আয়োজনের পর থেকে ব্যবসায়ীদের এ ভাবনা আরও তীব্র হয়েছে। তাঁরা চান, সরকার এখনই ওই কনভেনশন সেন্টার নির্মাণের উদ্যোগ নিক।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত এক দশকে কাফেক্সপোর আওতা অনেক বেড়েছে। বিশ্বব্যাপী পোশাকশিল্পে এসেছে অনেক নতুন নতুন প্রযুক্তির ব্যবহার। কিন্তু এসব তুলে ধরার জন্য আমাদের কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। তাই প্রতিবছর এখানে-ওখানে জোড়াতালি দিয়ে আমাদের কাফেক্সপোর আয়োজন করতে হয়।’ নাসির উদ্দিন বলেন, ‘ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থাকলেও সেখানে সারা বছরই বিভিন্ন মেলার আয়োজন করা হয়। কিন্তু এটা চট্টগ্রামে সম্ভব হয় না। এ ধরনের একটি জায়গা থাকলে আমরা তিন মাস অন্তর কাফেক্সপোর মতো আয়োজন করতে পারতাম।’ বিজিএমইএ সূত্র জানায়, ১০ বছর ধরেই চট্টগ্রামে কাফেক্সপোর আয়োজন করে আসছেন ব্যবসায়ীরা। প্রতিবছর পোশাকশিল্পের সঙ্গে যুক্ত হওয়া প্রযুক্তি, আলোর ব্যবহার (লাইটিং) ও সেবা খাতের যে উন্নতি, তা তুলে ধরার জন্যই মূলত এ প্রদর্শনীর আয়োজন করা হয়। কোনো প্রতিষ্ঠানের একই জায়গা থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য কাফেক্সপোই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা। দেশীয় উৎপাদনকারীদের পাশাপাশি এখানে ভিড় জমে বিদেশি প্রতিষ্ঠান ও ক্রেতাদের (বায়ার)। তিন দিনের আয়োজনের পাশাপাশি থাকে ফ্যামিলি নাইট। সেখানে পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগকারী ছাড়াও অন্য খাতের ব্যবসায়ী এবং পেশাজীবীরা মিলিত হওয়ার সুযোগ পান। ফ্যামিলি নাইটের আয়োজনটি হয় জমকালো। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবছরই বাংলাদেশ ও ভারতের বিখ্যাত শিল্পীরা অংশ নেন। ব্যবসায়ীরা জানান, এত বড় আয়োজন অথচ একই জায়গায় তা করা সম্ভব হয় না। বিগত বছরগুলোতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও এমএআজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাফেক্সপোর আয়োজন করা হয়। আর ফ্যামিলি নাইটের আয়োজন করা হয় চট্টগ্রাম ক্লাবে। ব্যবসায়ীদের অভিমত, একটি কনভেনশন সেন্টার থাকলে সবগুলো আয়োজন একই জায়গাতে সুপরিসরে হতে পারে। বিজিএমইএ-এর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘এবারের কাফেক্সপোতে দেশি অনেক প্রতিষ্ঠানকে জায়গা দেওয়া যায়নি। চীন ও তাইওয়ানের একাধিক মেশিনারি ও সেবা খাতে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আসতে চেয়েছিল। আমরা তাদের জায়গা দিতে পারিনি। একটি কনভেনশন সেন্টার থাকলে এ সমস্যা হতো না।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখনই যদি এ ধরনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়, তা শেষ করতে অন্তত তিন বছর লাগবে।