চট্টগ্রামে কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকের পাশাপাশি জুতা আর গয়নাও কিনতে শুরু করেছেন ক্রেতারা, ছবি: জুয়েল শীল
পোশাকের পাশাপাশি জুতা আর গয়নাও কিনতে শুরু করেছেন ক্রেতারা, ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে জমে উঠেছে ঈদবাজার, কিন্তু কেনাকাটায় বারবার বাদ সাধছিল বৃষ্টি। সকালে রোদ, বিকেল গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি। তবে এসব এখন আর বাধা হতে পারছে না। বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়ছেন সবাই। বিভিন্ন ফ্যাশন হাউস ও বিপণিবিতান ক্রেতাদের ভিড়ে গমগম করছে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বিকিকিনি জমজমাট।

.
.

বিভিন্ন ফ্যাশন হাউস ও বিপণিবিতান ঘুরে দেখা গেল, বর্ষার কথা মাথায় রেখে পোশাকের নকশা করেছেন ডিজাইনাররা। কাপড় হিসেবে বেছে নিয়েছেন জর্জেট, লিনেন, সুতি ও সিল্ক। প্রাধান্য পেয়েছে আরামের বিষয়টি। মেয়েদের পোশাকে ভারী কাজ নেই। হালকা কাজের সালোয়ার-কামিজ ও শাড়ি নজর কাড়ছে। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে লাল, সবুজ, হালকা হলুদ, চাপা সাদা, নীল, ম্যাজেন্টা, বেগুনি প্রভৃতি। শাড়িতে জমিনের চেয়ে পাড়ে রকমারি নকশা চোখ পড়েছে। তা ছাড়া বাহারি ব্লাউজ তো আছেই। দোকানিরা জানান, কাটতি বেশি জামদানি, মসলিন, সিল্ক ও সুতি শাড়ির।
সালোয়ার-কামিজে বিক্রি বেশি ফ্লোরটাচ ধরনটির। এ ছাড়া ভিন্ন কাটের কিছু পোশাকও এসেছে—সামনে একটু উঁচু, পেছনে নিচু। আবার আনারকলি বা সোজা কাটের কামিজও আছে। এর সঙ্গে চলছে ডিভাইডার ও পালাজ্জো। এবার যোগ হয়েছে নানা ডিজাইনের গাউন। তরুণীরা রাতের অনুষ্ঠানের জন্য গাউনই পছন্দ করছেন।
বিপণিবিতান মিমি সুপার মার্কেটে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া রুবিনা মমতাজের সঙ্গে। তিনি জানান, দুই ধরনের পোশাক কেনার পরিকল্পনা আছে। ফ্লোরটাচ সালোয়ার-কামিজ ও গাউন। নজর কাড়া নকশার গাউনগুলো চমৎকার।
ছেলেদের পাঞ্জাবিতে এবার চলছে লম্বা ও মাঝারি ঝুল। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে সুতি, সিল্ক, ভয়েল ও অ্যান্ডি। রয়েছে হালকা রঙের ব্যবহার, যেমন—হলুদ, হালকা নীল, সাদা, ছাই ও হালকা বেগুনি। গরম হলেও এবার নতুন করে যোগ হয়েছে কটি। নানা ডিজাইনের কটি চলছে বেশ।
শিশুদের পোশাকেও বৈচিত্র্য কম নয়। মেয়েদের পোশাকে বাজার মাত করেছে হালফ্যাশনের ‘কিরণমালা’ ও ‘মোদি’।
ছেলেদের পাঞ্জাবি করেছে প্রায় ফ্যাশন হাউসই।