চট্টগ্রামে চালু হবে মিনি মার্ট
চট্টগ্রামে ২০ নারী উদ্যোক্তা মিলে গড়ে তুলেছেন ‘মিনি মার্ট চিটাগাং’ নামে একটি পণ্য বিপণন কেন্দ্র। রাজধানী ঢাকার পর চট্টগ্রামে প্রথমবারের মতো গড়ে উঠছে এ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের পেছনে পূর্ব নাসিরাবাদ সুলতান ইলিশিয়ামের একতলা ও দোতলাজুড়েই গড়ে উঠেছে মহিলা উদ্যোক্তাদের এ স্বপ্নের প্রতিষ্ঠান। ২৬ আগস্ট ‘মিনি মার্ট চিটাগাংয়ের উদ্বোধন হবে। মিনি মার্টের কো-চেয়ারম্যান রেজিয়া বেগম বলেন, এখানে থাকছে তৈরি পোশাক, শাড়ি, পুরুষদের পোশাক, বাচ্চাদের পোশাক, খেলনা, গয়না, বাসনকোসন, উপহার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, জুতা, স্যান্ডেলসহ বাহারি পণ্য। বড় কথা, এখানে দেশীয় পণ্যের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ও মাঝারি ঋণদানকারী প্রতিষ্ঠান মাইডাসের আর্থিক সহায়তায় এ প্রতিষ্ঠানটি গড়ে উঠছে বলে উদ্যোক্তারা জানান। রেজিয়া বেগম বলেন, ‘মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানের তত্ত্বাবধান এবং পরামর্শে আমাদের ২০ জন নারীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাঁর প্রেরণায় গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা মিনি মার্ট করার পরিকল্পনা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখানে তৃণমূল নারীদের তৈরি পোশাক, শাড়ি, নকশিকাঁথা ইত্যাদিও বিক্রি করা হবে।’ নারী উদ্যোক্তা সাহিদা কামাল জানান, ‘মাইডাসের আর্থিক সহযোগিতার পাশাপাশি আমাদের সম্মিলিত তহবিল কাজে লাগিয়েছি এই প্রতিষ্ঠান গড়ে তুলতে।’ মিনি মার্টে খাবারের আয়োজন নিয়ে একটি ফুড কর্নার এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সরবরাহের উদ্যোগ নিয়ে প্রডাকশন সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে বলে জানালেন কো-চেয়ারম্যান রেজিয়া বেগম।মিনি মার্টের ২০ নারী উদ্যোক্তা হলেন রেজিয়া বেগম, সাহিদা কামাল, সৈয়দা নাসরিন আকতার, মাহবুবা আকতার, শাকিলা আহমেদ, মর্জিনা বেগম, নীলিমা আকতার চৌধুরী, নার্গিস নাহার, মাহমুদা সামস, ফেরদৌসী বেগম, কোহিনুর বেগম, সাবরিনা জাকারিয়া, রুমান আকতার, কাউসার আকতার, জাহানারা বেগম, রুশী জাহান, ছেনোয়ারা বেগম, ফিরোজা আহসান, নাজমা আকতার ও তানজিনা কিবরিয়া।