চট্টগ্রামে জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র
যন্ত্রকৌশল প্রকৌশলী নয়ন কুমার ধর ও সৌভিক মজুমদার। দুজনই সদ্য স্নাতক। পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (চুয়েট) থেকে। জার্মান ভাষা শিখছেন উচ্চশিক্ষার আশায়। কারণ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি নেবেন তাঁরা। তাঁদের মতে, জার্মানিই হচ্ছে এ ক্ষেত্রে উপযুক্ত জায়গা। যদিও এখন সেখানকার বেশির ভাগ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হচ্ছে। তবুও ভাষা জানাটা দৈনন্দিন জীবনযাপন এবং সেখানে কোনো কাজ করতে হলেও তো প্রয়োজন হবে। এমনই মন্তব্য করলেন ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর মো. আসিফ। প্রায় একই লক্ষ্যে জার্মানি পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করা দেবপ্রসাদ রায়, সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রোগ্রামার সোহেল মাহমুদ। মীরা দে অবশ্য জার্মানপ্রবাসী স্বামীর কাছে যাওয়ার ইচ্ছে নিয়েই ভাষা শিখছেন। তাঁরা সবাই চট্টগ্রাম নগরের জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ‘ডি স্প্রাখে’র শিক্ষার্থী। গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশ, জার্মান কালচারাল সেন্টারের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এ প্রতিষ্ঠান। ২০০৭ সালের জুন মাস থেকে এর কার্যক্রম শুরু হয়। ‘এখানে জার্মান ভাষা শেখানোর পাশাপাশি আমরা উচ্চশিক্ষাসংক্রান্ত তথ্য দিয়ে থাকি। এ ছাড়া বিভিন্ন সময়ে জার্মান ভাষা ও সংস্কৃতির ওপর সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি।’ বলছিলেন ‘ডি স্প্রাখে’র পরিচালক জয়ন্ত চৌধুরী। বর্তমানে এখানে এ-ওয়ান, এ-টু এবং বি-টু মানের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রতিবছর জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নতুন সেশনের শ্রেণী কার্যক্রম (ক্লাস) শুরু হয়। এর একেকটির মেয়াদ তিন মাস। প্রতি তিন মাস পর গ্যাটে ইনস্টিটিউটের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে অডিও, ভিডিও সিডি, বিনা মূল্যে ইন্টারনেট-সুবিধা। ভাষাবিষয়ক ৩০০ বই রয়েছে লাইব্রেরিতে। প্রতি মঙ্গলবার বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত জার্মানিতে উচ্চশিক্ষাবিষয়ক নানা খবরাখবর জানা যায় এখান থেকে। বিনা মূল্যে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া ডি স্প্রাখে চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় সেখানকার শিক্ষার্থীদের জন্য জার্মান ভাষা কোর্স পরিচালনা করে। সম্প্রতি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ‘পাশ’ (PASCH) প্রজেক্টের অধীনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের জার্মান ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়। আর এর ধারাবাহিকতায় চট্টগ্রামে এ প্রজেক্ট পরিচালনার দায়িত্বে পেয়েছে ‘ডি স্প্রাখে’। বর্তমানে নগরের কয়েকটি স্কুলের শিক্ষকেরা ভাষা শেখার এ সুবিধা পাচ্ছেন। এ প্রসঙ্গে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষক ‘ডি স্প্রাখে’র শিক্ষার্থী শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, ‘যেকোনো কিছুতে ভয় পেলে আর এগোনো যায় না। তেমনিভাবে জার্মান ভাষা শেখার কাজটিও আমাদের কাছে ভীতিজনক কোনো বিষয় মনে হচ্ছে না। খুব সহজভাবে শেখার সুযোগ পাচ্ছি এখানে।’ যোগাযোগের ঠিকানা: ডি স্প্রাখে, ১১ জামালখান সড়ক (চারতলা), চট্টগ্রাম। ফোন: ০১৭১৫-২৪১৭২০। ওয়েবসাইট: www.goethe.de/dhaka,ই-মেল: [email protected]