চট্টগ্রামে জেলা ই-সেবাকেন্দ্র
জেলা ই-সেবাকেন্দ্রের সুবিধা মিলছে চট্টগ্রাম জেলা তথ্য বাতায়ন থেকে। জেলা প্রশাসনের এ ওয়েবসাইটের বাঁদিকে রয়েছে ই-সেবাকেন্দ্রের লিংক। এতে রয়েছে চারটি বিভাগ—নাগরিক আবেদন, দাপ্তরিক যোগাযোগ, নকল কপির জন্য আবেদন ও সর্বশেষ অবস্থা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে যেসব সেবা পাওয়া যায়, সেগুলো তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় নিয়ে আসার লক্ষ্যে ই-সেবাকেন্দ্রে চালু করা হয়। ফলে কেউ জেলা প্রশাসকের কার্যালয়ে না গিয়েও ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, উপজেলা ই-সেবা কাউন্টার এবং জেলা তথ্য বাতায়ন থেকে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনলাইন আবেদনের ক্ষেত্রে জেলা তথ্য বাতায়নের (www.dcchittagong.gov.bd) ই-সেবাকেন্দ্রে গিয়ে যার যার প্রয়োজন অনুযায়ী বিভাগে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি আবেদনপত্র (ফরম) পাওয়া যাবে। এটি যথাযথভাবে পূরণ করে অনলাইনে পাঠানোর পর আবেদনটি গ্রহণ সংক্রান্ত তথ্য এবং গ্রহণ আইডি কম্পিউটারের পর্দায় ভেসে উঠবে। পাশাপাশি আবেদনকারীর মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমেও গ্রহণ আইডি (প্রাপ্তিস্বীকার) জানিয়ে দেওয়া হবে।