চট্টগ্রামে ডাক কর্মচারী ইউনিয়নের কাউন্সিল
বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের পূর্বাঞ্চল সার্কেলের কাউন্সিল অধিবেশন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের প্রধান ডাকঘর (জিপিও) মিলনায়তনে সংস্থার সভাপতি এ বি এম সিরাজুল আলমের সভাপতিত্বে অধিবেশনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রধান অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমজাদ আলী খান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সার্কেল সম্পাদক আবু তাহের। এতে বক্তারা ডাক-কর্মচারীদের আবাসন সমস্যা, তালিকাভুক্ত কর্মচারীদের শূন্যপদে নিয়োগসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাছির আহামদ, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, আবদুল হালিম, পোস্ট অফিস ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে এ বি এম সিরাজুল আলমকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের সার্কেল কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।