চট্টগ্রামে থাকার মজা অনেক রসুনের সস খাওয়া যায়
জন্ম চট্টগ্রামে। শৈশব ও কৈশোরের দিনগুলোও কাটে চট্টগ্রামে। এখন তিনি তারকাশিল্পী, গণমাধ্যমের পরিচিত মুখ। আলো ছড়িয়েছেন টেলিভিশন-নাটকে। রাজধানীতে সারা বেলা কাটলেও ভুলতে পারেন না বন্দরশহরের দিনগুলোর কথা। মৌটুসি বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন শান্তনু চৌধুরীএখন আপনি স্থায়ীভাবে ঢাকায় থাকছেন। চট্টগ্রামের কথা বলুন।২০০৬ সাল পর্যন্ত চট্টগ্রামে ছিলাম। আমাদের আদি বাড়ি কিন্তু খুলনায়। আমার বাবা সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মা মঞ্জু হাসি দত্ত বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। এ কারণে চট্টগ্রামে কেটেছে অনেক দিন।’পড়ালেখা করেছেন কোথায়?‘আমার পড়ালেখা শুরু হয় চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলে। এরপর সামার সেট টিউটোরিয়াল। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ করেছি। আমরা থাকতাম আশকার দীঘির পাড়, কাজীর দেউড়ি ও উত্তর খুলশিতে। বাবা-মা এখনো থাকেন সার্সন রোডে। দীর্ঘসময় থাকায় চট্টগ্রাম শহরের অলিগলি আমি ভালো চিনি। তবে ঢাকা শহর আমি ততটা চিনি না। চট্টগ্রামে গেলে একটা অন্য রকম অনুভূতি কাজ করে আমার মধ্যে। বন্ধুদের কথা মনে পড়ে?আমার অধিকাংশ বন্ধু-বান্ধবী এখনো চট্টগ্রামে। বান্ধবীদের মধ্যে মিতা, লিপি এখন সিজিএসের শিক্ষক। পাপড়ি, মুক্তা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী। রাহাত চাকরি করে গ্রামীণফোনে। এখনো তাদের সঙ্গে যোগাযোগ আছে।ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দুর্বল ছিলেন ? না, ছোটবেলায় আমি অভিনয় করতাম না। তবে নাচ করতাম। মা আমাকে হাতে ধরে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেতেন। আমি প্রথম নাচ শিখি কুসুমকুমারী স্কুলে। আউটার স্টেডিয়াম, জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীতে নাচ করেছি। মনে পড়ে, সেজেগুজে নাচ করতে যাচ্ছি। কেমন বোকা বোকা চেহারা আমার। এই দৃশ্য মনে পড়লেই হাসি পায়। এখন অবশ্য নাচ তেমন করা হয় না। কলেজ-বিশ্ববিদ্যালয়ের মজার কোনো স্মৃতি মনে পড়ে? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুইটি দোকান আমাদের জন্য নির্দিষ্ট ছিল। একটি সিজল, অন্যটি লোটাস। লোটাসে মজার কিছু সস ছিল। আমি খাবার যত না খেতাম তার চেয়ে বেশি খেতাম গার্লিক (রসুন) সস। এ নিয়ে দোকানের মামারা হাসাহাসি করতেন। সংস্কৃতিজগতে এলেন কীভাবে? চট্টগ্রামে এজাজ মাহমুদের একটি র্যাম্প শো করেছিলাম। এজাজ ভাই চট্টগ্রামের মানুষ। ফ্যাশন শো করার পর তিনি আমাকে আফজাল হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁর সূত্রেই সংস্কৃতিজগতে আসা। এর আগে কোনো নাটক বা আবৃত্তি সংগঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম না।নাটকে কেমন কাটছে দিন?আমার প্রথম কাজ ছিল আনিসুল হকের লেখা ও মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ৫১বর্তী। এখন মাসুদ সেজানের নতুন নাটক পুতুল খেলার দৃশ্যায়ন চলছে। চ্যানেল আইয়ের জন্য তৌকির আহমেদের চন্দ্রমগ্ন ও বিটিভির সুন্দরপুর কতদূর শেষ করেছি। এনটিভিতে আমার মামুলি একটা মানুষ প্রচারিত হচ্ছে। চট্টগ্রামের প্রিয় জায়গা কোনটা আপনার? আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল ভাটিয়ারি গলফ ক্লাব। এখনো চট্টগ্রামে গেলে একবার সেখানে যাই। পারকি সৈকত যখন অখ্যাত ছিল, হাতেগোনা কিছু লোক যেতেন তখন আমরা কিন্তু নিয়মিত যেতাম। পতেঙ্গা সৈকত আমার সবসময় প্রিয়। সময় পেলেই যাই। তবে এটি এখন বাণিজ্যিক জায়গায় পরিণত হয়েছে। কিছুদিন আগে পরিবারের সঙ্গে বান্দরবান ঘুরে এলাম। রাঙামাটিও ভালো লাগে। চট্টগ্রাম থাকার একটা মজা হলো হুট করে বান্দরবান বা রাঙামাটি ঘুরে আসা যায়। কিন্তু ঢাকায় এ সুবিধা নেই। চট্টগ্রাম সুন্দর ও পরিচ্ছন্ন শহর। ঢাকায় অনেক যানজট। তবে কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েও ভীষণ যানজটে পড়েছি।সংসারের কথা বলুন।আমি বাবা-মায়ের একমাত্র সন্তান। সে কারণে আদর-আহ্লাদ বেশি ছিল। আমার বিয়ে হয়েছে বাঁশখালীর পলাশ দাশের সঙ্গে। সে কিন্তু খাঁটি চাটগাঁইয়া। পেশায় অর্থনীতিবিদ, একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করে। আমি যেহেতু বেছে বেছে কাজ করি সে কারণে সংসারে সময় দিই বেশি। ভালোই কাটছে সংসার জীবন।