চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হলো দক্ষিণ এশীয় ত্রিবার্ষিক লোকশিল্প উৎসব। শিল্প সংগঠন সন্তরণ ও গ্যালারি চর্যার আয়োজনে প্রথম কর্ণফুলী ফোক ট্রিয়েনাল নামে তিন দিনব্যাপী উৎসব শেষ হয় ৮ সেপ্টেম্বর। উৎসবে ভারত, নেপাল ও বাংলাদেশের শিল্পীরা অংশ নেন।
নেপালের প্রাচীন শিল্পকলা থাংকা, পোভা ও মিথিলা, ভারতের পটচিত্র ও মধুবনী শিল্পকলা, বাংলাদেশের রিকশা অ্যাপ্লিক, আলপনা শিল্প এবং সিনেমার ব্যানার পেইন্টিং প্রদর্শিত হয়েছে উৎসবে। নগরের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে তিন দেশের ১৮ জন শিল্পীর ৫২টি শিল্পকর্ম স্থান পায়। প্রদর্শনী উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দীন চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হাওলাদার, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার, ভাস্কর অলক রায়, নেপালের শিল্পী দরজি গুরুং লামা ও শ্যাম সুন্দর যাদব, প্রদর্শনীর কিউরেটর মনজুর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানজিন টুশি।
প্রদর্শনীর পাশাপাশি ৭ ও ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের লোকজ শিল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তার আর্ট কমপ্লেক্সে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের শিল্প গবেষক শাওন আকন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় চক্রবর্তী।
প্রদর্শনীতে দক্ষিণ নেপালের থাংকা লোকশিল্প উপস্থাপন করেছেন শিল্পী দর্জি গুরুং লামা। বৌদ্ধ ধর্মের দর্শন তুলে ধরার জন্য এই রীতির উদ্ভব। যুগের পর যুগ বংশপরম্পরা একই নিয়ম ও পদ্ধতি মেনে থাংকা চিত্র এঁকে চলছেন শিল্পীরা। পরিষ্কার ক্যানভাস কাপড়ে ছবি এঁকে বাঁধাই করা হয় ঐতিহ্যবাহী কংসাম নামের সিল্কের কাপড়ে। থাংকা চিত্রকলার প্রধান শর্ত হচ্ছে এটি নিখুঁত হতে হবে। ছবি নিখুঁত না হলে এটি প্রদর্শন করা হয় না। গাছের ছাল, মাটি, পাথর ও ফুল থেকে থাংকার চিত্রের জন্য রং তৈরি করা হয়। থাংকায় রেখাকে প্রাধান্য দিয়ে পরবর্তী সময়ে প্রাকৃতিক রঙের ব্যবহার করা হয়। একটি চিত্রকর্ম করতে দুই মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগে শিল্পীদের।
শিল্পী দরজি গুরুং লামা তাঁর শিল্পকর্ম সম্পর্কে বলেন, ‘থাংকা আমাদের ঐতিহ্যবাহী লোকশিল্প। থাংকা মূলত প্রাচীন বৌদ্ধধর্মীয় বিশেষ চিত্রকলা। প্রাচীন নেপালে বৌদ্ধধর্ম ও তাঁর দর্শন প্রচারের জন্য নেপালিরা এই চিত্রকলার ব্যবহার করতেন। সেখান থেকেই এই চিত্রকলার উদ্ভব।’
নেপালের আরেকটি ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে মিথিলা চিত্রকলা। গ্রামীণ জীবনযাপন ও বৃক্ষ এই চিত্রকলার বিষয়। মূলত নারীরা মিথিলা শিল্পকলার শিল্পী। বর্তমানে পুরুষেরাও এই শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে। এই ধারায় কাজ করে খ্যাতি অর্জন করেছেন নেপালের শিল্পী শ্যামসুন্দর যাদব। তিনি তাঁর দাদির কাছ থেকে মিথিলার শিক্ষা নিয়ে এখন আধুনিক ধারার সঙ্গে মিলিয়ে ছবি আঁকছেন।
এ ছাড়া পটচিত্র নিয়ে কাজ করেন ভারতের শিল্পী মনিমালা চিত্রকর, রিকশা অ্যাপ্লিকে কাজ করেছেন শিল্পী মদন দে, আলপনা শিল্প নিয়ে শিল্পকর্ম করেছেন শিল্পী সাথি চক্রবর্তী, সিনেমার ব্যানার পেইন্টিং নিয়ে শিল্পকর্ম করেছেন শিল্পী হানিফ পাপ্পু। চট্টগ্রামের শিল্পী শতাব্দী সোমা ‘একটি অনাকাঙ্ক্ষিত গল্প’ শিরোনামে স্থাপনা শিল্পকর্ম প্রদর্শন করেন। ধানের বীজ দিয়ে কোলাজ ছবি তৈরি করেছেন তিনি। ১২টি ছবিতে দেখিয়েছেন মা ও মেয়ের সম্পর্কের সূত্র।