চট্টগ্রামে দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা বিশ্ববিদ্যালয় নামের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ওআইসিভুক্ত দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রুনাই দারুসসালাম ও বাংলাদেশের বিভিন্ন সংস্থার উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।এ বিষয়ে বিশিষ্টজনদের অংশগ্রহণে এক আলোচনা সভা গত ৩১ মে এ কে খানের স্মৃতি বিজড়িত শামা ভবনে অনুষ্ঠিত হয়। সাউথ ইস্ট এশিয়ান কো-অপারেশন (সিয়াকো) ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান সালাহ উদ্দিন কাসেম খানের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক মুখ্য সচিব ও সিয়াকো ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুল করিম, ওআইসি বিশ্ববিদ্যালয়ের (আইউটি) সাবেক উপাচার্য ও প্রস্তাবিত সিয়াকো বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সেকান্দর খান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুন নুর, এ কে খান গ্রুপের কর্মকর্তা জিয়াউল খান প্রমুখ।সভায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরেন উদ্যোক্তা সালাহ উদ্দিন কাসেম খান ও সিএসডিসির নির্বাহী পরিচালক মিখাইল ইসলাম। সভায় বক্তারা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলের জনগণের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি দক্ষিণ ও পূর্ব এশিয়ার উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি করা।’উল্লেখ্য, সিয়াকো ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী তুন মুসা হিতামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তাঁর সমর্থন ও সহযোগিতা চান।