অমর একুশের বইমেলায় প্রকাশিত অনুপমা অপরাজিতার স্বপ্নভুক লোনাজল এবং প্রণয় কান্তি রচিত আকাশলীনার সাথে কিছুক্ষণ শিরোনামের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় নগরের সার্সন রোডের হাটখোলা সাংস্কৃতিক কেন্দ্রে। সাহিত্য পত্রিকা ও প্রকাশনা সংস্থা খড়িমাটির উদ্যোগে ২০ মার্চ দুটি বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি প্রকাশনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুই কবির কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, ‘কবিতার থাকে দ্যুতি, যা মানুষকে আচ্ছন্ন করে। কখনো কবিতা স্বপ্নের কথা বলে, কখনো প্রেম কিংবা বিরহের, আবার কখনো দ্রোহের। কবিতার মাধ্যমে বদলানো যায় সমাজব্যবস্থাও। তাই কবিতা একধরনের সমাজকর্ম।’
খড়িমাটির সম্পাদক মনিরুল মনিরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশনা অনুষ্ঠান শুরু হয়। অতিথিরা কাব্যগ্রন্থ দুটির মোড়ক উন্মোচনের পর শুরু হয় কথামালার আয়োজন।
অনুপমা অপরাজিতা রচিত কাব্যগ্রন্থ স্বপ্নভুক লোনাজল নিয়ে আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, দায়বদ্ধতা থেকে বেরিয়ে এসে নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করা কবির বৈশিষ্ট্য হওয়া উচিত। এ কাব্যগ্রন্থে অনুপমা সেটা বেশ ভালোভাবে করতে সক্ষম হলেও তাঁর কবিতার প্রকরণ ও আঙ্গিকের অস্ত্র আরও শাণিত হওয়া উচিত।
এরপর আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান এবং কথাসাহিত্যিক মহীবুল আজিজ। তাঁরা বলেন, ‘অনুপমার কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে নিজের অনুভূতি আর প্রণয় কান্তি তাঁর লেখায় তুলে এনেছেন নিজের দর্শন এবং বিশ্বাস।’
অয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। আয়েশা হকের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিরিন আক্তার। অনুষ্ঠানে কাব্যগ্রন্থ দুটি থেকে কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও তনুজা বড়ুয়া।