চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন রুটে নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়াই চলছে প্রায় আট হাজার গাড়ি। এর মধ্যে বেশির ভাগই সিএনজি অটোরিকশা। এ ছাড়া রয়েছে ব্যাটারিচালিত বেবিট্যাক্সি, টেম্পো, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনের আওতায় না আসায় সরকার এ খাতে প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সূত্র জানায়, বাংলাদেশ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ৩২ ধারা অনুযায়ী রাস্তায় চলাচলকারী যানবাহনের জন্য নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক হলেও বছরের পর বছর এসব গাড়ি নিবন্ধন ছাড়া রাস্তায় চলছে। জেলা ও নগর পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চলাচলের বৈধতা না থাকায় এসব গাড়ি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহূত হলে কিংবা দুর্ঘটনায় পড়লে সে ক্ষেত্রে অপরাধীকে চিহ্নিত করতে মারাত্মক জটিলতা সৃষ্টি হবে। অন্যদিকে এসব গাড়ির কারণে বিভিন্ন রুটে যানজটও সৃষ্টি হচ্ছে।জানা যায়, বিআরটিএ চট্টগ্রাম সার্কেলে নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক লাখ এক হাজার ৩৮৩টি। চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত নিবন্ধিত হয়েছে সাত হাজার ৮৪৯টি গাড়ি। আরও প্রায় সাত হাজার গাড়ি নিবন্ধন ছাড়া চলাচল করছে।সূত্র মতে, নিবন্ধন হীন গাড়িগুলোর চলাচলের উপযোগী সনদ বা ফিটনেস কিংবা রুট পারমিটও নেই। আইনগতভাবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশ ও বিআরটিএকে কঠোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট লোকজন এ ব্যাপারে উদাসীন। অভিযোগ রয়েছে, বিআরটিএ বা ট্রাফিক পুলিশ এসব গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালালেও আটকের সংখ্যা কম। জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ নগরের বিভিন্ন রুটে নিবন্ধন ছাড়া সিএনজি গাড়ি চলাচল করছে এ কথা স্বীকার করে বলেন, ‘এসব গাড়ি নগরে খুব কমই চলাচল করে। কাপ্তাই রাস্তার মোড় দিয়ে কিছু ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশা শহরে ঢোকে।’ বিআরটিএর মোটরযান পরিদর্শক শামশুল কবীর বলেন, ‘এসব গাড়ির বিরুদ্ধে আমরা ছয় মাসে (জানুয়ারি-জুন ২০১০) নগর ও জেলার বিভিন্ন রুটে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৮টি অভিযান পরিচালনা করেছি। এ সময় ২০৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছি এবং আটটি গাড়ি আটক করেছি।’ তবে বিআরটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘ট্রাফিক পুলিশ সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার পাশাপাশি নিবন্ধন ছাড়া গাড়ি আটক করলে নগর ও জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচলে শৃঙ্খলা আরও সুসংহত হতো।’ বিআরটিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন রুটে প্রায় সাত হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধন ছাড়া চলছে। এর মধ্যে সম্প্রতি নগর ও জেলার বিভিন্ন রুটে তিন হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়ার জন্য বিআরটিএ উদ্যোগ নেওয়ার পর চার হাজার ৭০০ সিএনজি অটোরিকশা নিবন্ধনের জন্য আবেদন জমা পড়ে। কিন্তু ফেয়ারওয়ে অটোমোবাইল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিন ইয়ামীন নিবন্ধন প্রক্রিয়া বন্ধের জন্য উচ্চতর আদালতে মামলা টুকে দেওয়ায় বর্তমানে নিবন্ধন প্রক্রিয়াটি বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে বিআরটিএর সহকারী পরিচালক মাসুদ আলম বলেন, ‘আমরা হইকোর্টে জবাব দিয়েছি।’বিআরটিএ সূত্র আরও জানায়, একটি ভাড়ায়চালিত সিএনজি অটোরিকশার নিবন্ধন ফি (রুট পারমিট, ফিটনেস সনদসহ) পাঁচ হাজার ৯৫ টাকা। ব্যক্তিগত (প্রাইভেট) সিএনজির নিবন্ধন ফি পাঁচ হাজার ৪৯০ টাকা। বিআরটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সিএনজি অটোরিকশা নিবন্ধনের জন্য চার হাজার ৭০০ আবেদন জমা পড়লেও আরও দুই হাজার সিএনজি ট্যাক্সি বিক্রি করেছে একটি প্রতিষ্ঠান। এ হিসাবে শুধু সিএনজি অটোরিকশা নিবন্ধন খাতে সরকার প্রায় সাড়ে তিন কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে, গত মার্চে নগর ট্রাফিক পুলিশ অনিবন্ধিত ব্যাটারিচালিত ১৪টি বেবিট্যাক্সি আটক করলেও এসব গাড়ি নগরে এখনো চলছে। ডিসি ট্রাফিক ফারুক আহমেদ বলেন, ‘এসব গাড়ি নগরের রাস্তায় চলাচলের কোনো বৈধতা নেই। শহরের রাস্তায় গাড়ি আর চালাবে না মর্মে গত মার্চে আটক ১৪টি গাড়ির মালিক মুচলেকা দিয়েছেন। এরপরও রাস্তায় এসব গাড়ি দেখামাত্রই আমরা আটক করছি।’ এদিকে, মেয়াদোত্তীর্ণ ব্যক্তিগত গাড়ির ইঞ্জিন সংযোজন করে চট্টগ্রামের বিভিন্ন এলাকার একটি চক্র তৈরি করছে টেম্পো। হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, পটিয়াসহ জেলার বিভিন্ন রুটে এসব গাড়ি ভাড়ায় চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভটভটিও। সংশ্লিষ্ট লোকজনদের অভিমত, ‘এখনই অনিবন্ধিত গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে শহর ও জেলার পরিবহন খাতে বিশৃঙ্খলা বাড়বে।’