বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ। দক্ষিণ চট্টগ্রামের পথে পথে হাজারো তোরণ। পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে স্থাপন করা এসব তোরণে অভিনন্দন আর শুভেচ্ছার জোয়ার। তবে বেশির ভাগ তোরণে দলের চেয়ারপারসনকে শুভেচ্ছার চেয়ে সংশ্লিষ্ট নেতার আত্মপ্রচার ও নির্বাচনী অভিযানই যেন মুখ্য হয়ে ওঠে। পুরো সফরে ছিল নির্বাচনী আমেজ। এই আমেজ ছিল নগরেও। সার্কিট হাউস থেকে খালেদা জিয়ার যাওয়ার পথে ছিল ডিজিটাল ব্যানার আর তোরণ। বৌদ্ধপল্লিতে ঘটে যাওয়া বর্বর ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্দির ও মানুষদের দেখতে গতকাল শনিবার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রামু গেছেন। সেখানে বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার ঘুরে দেখেন। তিনি আজ রোববার উখিয়া যাবেন।বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করা বিএনপির দাবি। সরকার আবার ক্ষমতায় আসতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে রাজি নয়। এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। তাই কক্সবাজারের সফর একধরনের নির্বাচনের আগাম প্রচারণার মতোই। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দক্ষিণ চট্টগ্রামে হাজার হাজার তোরণ নির্মাণের জন্য দলীয় তহবিল থেকে এক পয়সাও দিচ্ছে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তোরণ নির্মাণ করেছে। কারণ, দেশনেত্রী বেগম জিয়া ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ বলে যে সংগ্রাম শুরু করেছেন তার সঙ্গে শামিল হয়েছে মুক্তিকামী জনতা। কারণ, জনগণ এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। এই তোরণ নির্মাণ তারই প্রতিফলন।আমীর খসরু আরও বলেন, বেগম জিয়ার কক্সবাজারের সফর কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। রামু ও উখিয়ায় বৌদ্ধপল্লিতে যে হামলার ঘটনা ঘটেছে তা তিনি দেখতে গেছেন। এর পরও জনগণ যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে তা অতুলনীয়। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলাপে জানা যায়, একেকটি তোরণ নির্মাণে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে খরচ হয়েছে। তোরণ নির্মাণে জেলা ও উপজেলা কমিটির নেতারা টাকার জোগান দিয়েছেন। পাশাপাশি ‘পাতি’ নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন। নিজের পরিচিতি তুলে ধরতেই এসব তোরণ নির্মাণ করা হয়। তাঁদের মধ্যে ইউনিয়ন পর্যায়ের নেতা যেমন রয়েছেন, তেমনি অঙ্গসংগঠনের নেতারাও রয়েছেন। এসব তোরণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, বেগম খালেদা জিয়া কক্সবাজারের রামু ও উখিয়ার ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখতে যাবেন। কিন্তু ম্যাডামের এই সফরের মধ্যে এক ধরনের নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে। তাই জেলা ও উপজেলা পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের নেতারা পর্যন্ত তোরণ নির্মাণ করে ম্যাডামকে স্বাগত জানাচ্ছেন। তোরণের সংখ্যা শুক্রবার বিকেল পর্যন্ত হাজার ছাড়িয়ে গেছে। শনিবারও আরও অনেক তোরণ নির্মাণ হয়েছে। ম্যাডামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এসব তোরণ নির্মিত হয়েছে, যার ব্যয়ভার নেতা-কর্মীরা নিজ নিজ পকেট থেকে দিয়েছে। দক্ষিণ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এবারের মতো এত বেশি সংখ্যক তোরণ আর কখনো দেখা যায়নি। দক্ষিণ চট্টগ্রামে এমনিতে বিএনপির অবস্থান মজবুত। সরকারের নানা কর্মকাণ্ড এবং বিভিন্ন কারণে দক্ষিণ চট্টগ্রামে বিএনপির অবস্থানকে আরও সুসংগঠিত করেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অসংখ্য তোরণ তারই প্রতিফলন বলে মনে করছেন দলীয় নেতারা। দক্ষিণ চট্টগ্রামের তৃণমূল পর্যায়ের কর্মী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘তোরণ নির্মাণের জন্য আমরা দলীয় তহবিল থেকে কোনো টাকা নিইনি। স্বতঃস্ফূর্তভাবে নিজের অর্থে তোরণ নির্মাণ করেছি। বেগম জিয়ার প্রতি দক্ষিণ চট্টগ্রামবাসীর ভালোবাসা কতটুকু তা এই তোরণ দেখেই যে কেউ অনুমান করে নিতে পারবে।’ আরেক কর্মী সাহাব উদ্দিন জানান, জনগণ আওয়ামী লীগের প্রতি অনাস্থা দেখিয়ে বিএনপির দিকে আবার ফিরে এসেছে। হাজার হাজার তোরণ তারই প্রমাণ দেয়।