
প্রতিবছর বর্ষার আগে চট্টগ্রামে প্রশাসনের তোড়জোড় শুরু হয় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি নিয়ে। কয়েক বছর ধরে চলছে একই কাজ—পানি, বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা এবং কিছু বসতি উচ্ছেদ। অস্থায়ী এই ব্যবস্থা নিয়েই দায়িত্ব শেষ করে প্রশাসন। এবারও হয়েছে একই সিদ্ধান্ত।
বছরের অন্য সময় এ নিয়ে প্রশাসন কার্যত চুপচাপ থাকে। শুধু তা-ই নয়, ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসের পর গঠন করা শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির করা সুপারিশও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এর ফলে বছর বছর বাড়ছে বসতি। প্রশাসনের অভিযান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার আগের বসতিতে ফিরে যায় বসবাসকারী লোকজন। নতুন করে নেওয়া হয় বিভিন্ন সেবা খাতের সংযোগ।
শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি হিসেবে চট্টগ্রাম নগর, সীতাকুণ্ড ও জঙ্গল সলিমপুরে ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে ৩০টি। এসব পাহাড়ে কম ও অধিক ঝুঁকিতে বসবাসকারী লোকজনের সংখ্যা আনুমানিক ১০ লাখ। তাঁদের বেশির ভাগ নিম্ন আয়ের।
বিশেষজ্ঞদের মত, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরানোর স্থায়ী উদ্যোগ নিতে হবে। অস্থায়ী ব্যবস্থা নিয়ে পাহাড়ধসে প্রাণহানি এড়ানো যাবে না।
গত সোমবার শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠক বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে ঝুঁকিপূর্ণ বসতি থেকে পানি, বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে শিগগির অভিযান শুরুর সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।
তিনি সভায় বলেছেন, বারবার সেবা খাতের সংযোগ বিচ্ছিন্ন করা হলে তারা প্রতিনিয়ত একটি ভোগান্তির মধ্যে থাকবে। এরপর একসময় চলে যাবে। সংযোগ বিচ্ছিন্ন করতে বিভিন্ন সেবা খাত সংস্থাকে প্রশাসনের পাশাপাশি অভিযানে অংশ নেওয়ার নির্দেশ দেন।
সর্বশেষ ২০১৫ সালের ১৮ জুলাই বৃষ্টির সময় নগরের বায়েজিদ এলাকার আমিন কলোনিতে পাহাড়ধসে তিনজন নিহত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর বায়েজিদ থানার মাঝিরঘোনা এলাকায় পাহাড়ধসে মা-মেয়ে মারা যায়। অথচ এ দুটি পাহাড় ঝুঁকিপূর্ণ তালিকায় ছিল না।
এদিকে চট্টগ্রামে পাহাড়ধসের বড় ঘটনা ঘটে ২০০৭ সালের ১১ জুন। তখন মারা যায় ১২৭ জন। এরপর শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটি পাহাড়ে মৃত্যু ঠেকাতে ৩৬ দফা সুপারিশ দিয়েছিল। একই ঘটনার পর প্রকৌশলগত প্রতিরোধ কমিটি আরেকটি প্রতিবেদন দেয়। এতেও দুর্ঘটনা এড়াতে সুপারিশ করা হয় ৩০ দফা।
সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য, পাহাড় দখলমুক্ত করে বনায়ন, ঝুঁকিতে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসন, পাহাড়কাটা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং পাহাড় ইজারা ও দখল বন্ধ করা। এসব সুপারিশ বাস্তবায়ন না করে প্রশাসন বারবার অস্থায়ী উদ্যোগ নেয়।

জানতে চাইলে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল জলিল বলেন, ‘আমরা শিগগির অভিযান শুরু করব। প্রতিবছর এটা আমাদের রুটিন কাজ। এ ছাড়া যারা বেশি ঝুঁকিতে থাকবে, তাদের উচ্ছেদ করব।’
আবদুল জলিল আরও বলেন, ‘বাস্তবতা, মানবিকতা এবং দায়িত্ব সব মেনেই আমাদের কাজ করতে হচ্ছে। আমরা চাই তাদের বাঁচাতে। কিন্তু তারা বোঝে না। কম ভাড়ার লোভে ওখানে বসতি গড়ে।’
গত মঙ্গলবার নগরের মতিঝর্ণা এলাকায় দেখা গেছে, পাহাড়ে নতুন কাঁচা ও সেমিপাকা ঘর তৈরি হচ্ছে। এ ছাড়া আগে নির্মিত ঘরের প্রত্যেকটিতে রয়েছে বিদ্যুতের সংযোগ।
বসবাসকারী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড়ের পাদদেশে এসব ঘর নির্মাণের পেছনে রয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরাই নিম্ন আয়ের লোকজনকে কম ভাড়ার কথা বলে বসবাসের প্ররোচনা দেন।
মতিঝর্ণার টাংকির পাহাড় এলাকার আনোয়ার সাহেবের কলোনির বাসিন্দা মোহাম্মদ রাজু বলেন, ‘আমাদের ঘর কোনোভাবে ঝুঁকিপূর্ণ নয়। প্রতিবার বর্ষা এলে উচ্ছেদ করে। গ্যাস-বিদ্যুতের সংযোগ কেটে দেয়। পরে আবার সব ঠিক হয়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে সচেতন নাগরিক কমিটি, চট্টগ্রামের আহ্বায়ক ও নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করে স্থায়ীভাবে উচ্ছেদ ও পুনর্বাসন করতে দীর্ঘমেয়াদি সুপারিশ করা হয়। কিন্তু এগুলো কিছুই বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, যেসব প্রভাবশালী পাহাড় দখল করে ঘর তৈরি করে নিম্ন আয়ের লোকজনকে ঝুঁকিতে থাকার প্ররোচনা দিচ্ছে, তাদেরও চিহ্নিত করা জরুরি।
দেলোয়ার মজুমদার জানান, সুপারিশে পাহাড় থেকে বসতি উচ্ছেদ করে সেগুলোর সীমানা নির্ধারণ, সংরক্ষণ ও বনায়নের কথা বলা হয়েছিল। সেটাও করা হয়নি। এর ফলে দিন দিন পাহাড় কেটে ও পাদদেশে ঘর নির্মাণ বাড়ছে।
স্থায়ী উদ্যোগের বিষয়ে কমিটির সভায় বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, সীতাকুণ্ড ও জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ের বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
নগরের ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল জলিল বলেন, পাহাড়ে বসবাসকারীদের স্থায়ী পুনবার্সনে এখনো কোনো পরিকল্পনা নেই।