চট্টগ্রামে বাংলা একাডেমির বইয়ের উৎসব ১০ জুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ছয় দিনব্যাপী উৎসব আগামী ১০ জুন মঙ্গলবার থেকে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে। ১০ জুন সকাল ১০টায় বইয়ের আড়ং উদ্বোধন করবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন সাহিত্যিক বেগম মুশতারী শফী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

আড়ং উপলক্ষে তিন দিনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রথম দিন ১০ জুন বিকেল চারটায় চট্টগ্রামে সাহিত্যচর্চা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন কবি আবুল মোমেন। আলোচনায় অংশ নেবেন ড. মাহবুবুল হক, মহীবুল আজিজ, অধ্যক্ষ আনোয়ারা আলম ও রাশেদ রউফ।

দ্বিতীয় দিন ১১ জুন বিকেল চারটায় চট্টগ্রামের লোকসাহিত্য ও সংস্কৃতি শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন সাহিত্যিক ফাহমিদা আমিন। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মো. আবুল কাসেম, মনজুর উল আমিন চৌধুরী, মুহাম্মদ ইসহাক চৌধুরী ও আহমদ মমতাজ। তৃতীয় দিন ১২ জুন বিকেল চারটায় চট্টগ্রামে সাংবাদিকতার বিকাশ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন কবি অরুণ দাশগুপ্ত। আলোচনায় অংশ নাসিরুদ্দিন চৌধুরী, কবি স্বপন দত্ত ও ওমর কায়সার।

৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের বিশেষ সুযোগ রয়েছে এ উৎসবে। বিজ্ঞপ্তি।