চট্টগ্রামে বিনিয়োগ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনিয়োগ চিত্র
বিনিয়োগ চিত্র

চট্টগ্রামে গত বছরে বিনিয়োগ প্রস্তাব প্রায় অর্ধেকে নেমে এসেছে। নতুন গ্যাস–সংযোগ প্রদান বন্ধ থাকা, ব্যাংকঋণ না পাওয়া, বিদ্যুৎ সমস্যা ও অবকাঠামোগত অসুবিধার কারণে বিনিয়োগের পরিমাণ কমছে। রাজনৈতিক অস্থিরতাও নতুন বিনিয়োগে বড় বাধা বলে মনে করা হচ্ছে।
বিনিয়োগ বোর্ড সূত্র জানায়, চট্টগ্রামে গত বছর স্থানীয়, যৌথ ও বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে ১ হাজার ৩০৪ কোটি টাকা। এর আগের বছর ২০১৩ সালে বিনিয়োগ প্রস্তাব এসেছিল ২ হাজার ৩৪৪ কোটি টাকা। চলতি বছরের প্রথম দুই মাসের বিনিয়োগ প্রস্তাবও আশাব্যঞ্জক নয়।
তবে চট্টগ্রামে বিনিয়োগ কমে যাওয়াটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় বলে মনে করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, বিনিয়োগের জন্য চট্টগ্রামে অবকাঠামোগত সুবিধার প্রচণ্ড অভাব। গ্যাস-বিদ্যুৎ সংযোগের অভাবের সঙ্গে ভূমির সংকট রয়েছে। তিনি বলেন, বিনিয়োগের জন্য ব্যাংকঋণ পাওয়াটাও ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে পড়েছে। গুটিকয়েক বড় ব্যবসায়ীর কাছে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আটকে আছে। এ রকম অনেক কারণ মিলে বিনিয়োগে স্থবিরতা এসেছে। রাজনৈতিক অস্থিরতাও বিনিয়োগ কমার কারণ হতে পারে বলে মনে করেন তিনি।
বিনিয়োগ বোর্ড চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে চট্টগ্রামে ১০০ কোটি টাকার বেশি একক বিনিয়োগ প্রস্তাব ছিল মাত্র একটি। ১০ কোটি টাকার ওপর বিনিয়োগ প্রস্তাব ছিল ১৮টি। অথচ ২০১৩ সালে ১০০ কোটি টাকার ওপর বিনিয়োগ প্রস্তাব ছিল ছয়টি। ওই বছর ১০ কোটি টাকার ওপরে বিনিয়োগ প্রস্তাব আসে ২৫টি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, বড় শিল্পপ্রতিষ্ঠান গড়তে গ্যাসের বিকল্প নেই। অথচ ব্যবসায়ীরা গ্যাস পাচ্ছেন না। শিল্পপ্লটের সুবিধা নেই এখানে। জমির দাম আকাশছোঁয়া। ব্যাংকের সুদের হার অনেক বেশি। বিভিন্ন কারণে সহজে ঋণ পাওয়া যাচ্ছে না। ফলে নতুন বিনিয়োগে উৎসাহ পাচ্ছেন না ব্যবসায়ীরা। তিনি বলেন, বিনিয়োগ না হওয়ায় এর প্রভাব পড়ছে কর্মসংস্থানে।
বিনিয়োগ বোর্ডের দেওয়া তথ্যে দেখা গেছে, ২০১০ সালে যেখানে কর্মসংস্থান দেখানো হয়েছিল ২৮ হাজার, ২০১৪ সালে সেটি নেমে এসেছে ১১ হাজার ৬২৯, ২০১৩ সালে কর্মসংস্থান দেখানো হয়েছিল ১৫ হাজার।
বিনিয়োগ বোর্ড চট্টগ্রাম সূত্রে জানা গেছে, বিনিয়োগ প্রস্তাবের পাশাপাশি কমে গেছে নিবন্ধন শিল্পের সংখ্যাও। ২০১৪ সালে চট্টগ্রামে মোট শিল্প নিবন্ধন হয়েছে ১৪২টি। এর মধ্যে যৌথ ও বিদেশি বিনিয়োগ প্রস্তাব ছিল মাত্র পাঁচটি। ২০১৩ সালে শিল্প নিবন্ধন হয় ১৫৭টি।
তবে চট্টগ্রামে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বিনিয়োগ প্রস্তাব কমছে। ২০১০ সালে বিনিয়োগ প্রস্তাব ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা, ২০১১ সালে ২ হাজার ৭৯৩ কোটি টাকা, ২০১২ সালে ২ হাজার ২০২ কোটি টাকা এবং ২০১৩ সালে ২ হাজার ৩৪৩ কোটি টাকা।
বিনিয়োগ প্রস্তাবের কতটুকু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় তার সঠিক হিসাব বিনিয়োগ বোর্ডের কাছে নেই। তবে বিনিয়োগ বোর্ড চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবের প্রায় ৯০ ভাগই বাস্তবায়িত হয়।
নতুন বিনিয়োগের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিনিয়োগ বোর্ড চট্টগ্রামের পরিচালক মাহবুব কবির। প্রথম আলোকে তিনি বলেন, ২০১৪ সালে বিনিয়োগের পরিমাণ কমলেও সামনে বিনিয়োগের পরিমাণ বাড়বে। বোর্ডের তরফ থেকে বিনিয়োগ বাড়ানোর জন্য সব ধরনের চেষ্টা চলছে।