চট্টগ্রামে বৈশাখী আয়োজন
পয়লা বৈশাখের উৎসবে সবাই চায় বর্ণিল সাজ-পোশাক। চট্টগ্রামেও সবার মধ্যে তোড়জোড় চলছে পছন্দের পোশাক কেনার। চট্টগ্রাম ডিজাইনারস ফোরাম ৪ থেকে ৭ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করে চার দিনের পোশাক প্রদর্শনীর। উদ্বোধন করেন নারী উদ্যোক্তা কামরুন মালেক। এক ছাদের নিচে ১১ জন ডিজাইনারের পোশাক প্রদর্শিত হয়। এখানকার পোশাকের নকশায় প্রাধান্য পেয়েছে নকশি কাঁথার কাজ, ঐতিহ্যবাহী নকশার হ্যান্ড পেইন্টিং, ব্লকপ্রিন্ট, হাতের কাজ, অ্যাপ্লিক, প্যাচওয়ার্ক ইত্যাদি। দেশি নানা মোটিফ যেমন: ঘুড়ি, ফুল, হাতপাখা, পাখি ইত্যাদি দিয়ে নকশা করা হয়েছে। সুতি, অ্যান্ডি, হাফসিল্ক, মসলিন ও সিল্কের কাপড়ের এসব পোশাকে ছিল নজরকাড়া নকশার বুনন। আর লাল-সাদার পাশাপাশি আছে অন্য রং যেমন: সবুজ, নীল, কালো ও কমলা। প্রদর্শনীতে অংশ নেওয়া ডিজাইনাররা হলেন রওশন আরা চৌধুরী (রওশনস), আইভি হাসান (ডলস হাউস), এস এম ইলিয়াস (শৈল্পিক), মোহছেনা কোরাইশি (পিণন), লুৎফা সানজিদা (অনিন্দ্য), মনি দীপা (শ্রেয়া), কাজী শাহতাজ পারভীন (মুনমুনস), নুরে জান্নাত (নিডলওয়ার্ক), সুলতানা নুরজাহান (মিয়াবিবি), আমেনা রহমান (আরিয়ন ফ্যাশন) ও নাজমা আক্তার (ড্রিম ফ্যাশনস)।ডিজাইনারস ফোরামের সভাপতি আহমেদ নেওয়াজ বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব। আমাদের ডিজাইনাররা বাংলার রূপ ফুটিয়ে তুলেছেন পোশাকে। দর্শনার্থীর সমাগম ছিল চোখে পড়ার মতো। কারণ, একসঙ্গে অনেক ডিজাইনারের পোশাক পেয়েছেন তাঁরা। বিক্রিও ভালো হয়েছে।’বাজার ঘুরে দেখা গেছে পোশাকের নকশায় বরাবরের মতো চিরায়ত বাংলার আবহ। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং তরুণীদের কুর্তা ও ফতুয়ায়ও আনা হয়েছে বৈচিত্র্য। শিশুদের পোশাকেও বিশেষ নজর দিয়েছে ফ্যাশন হাউসগুলো। ছোট মেয়েদের জন্য শাড়ি করেছে কিছু ফ্যাশন হাউস।