চট্টগ্রামে ভুভুজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের সময় ভুভুজেলা বাঁশির নাম প্রথম জানতে পারে এ দেশের মানুষ। ভ্রমরের গুঞ্জনের মতো ভুভুজেলা বাঁশির শব্দ শোনা গেছে বিশ্বকাপের সব খেলায়। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দক্ষিণ আফ্রিকা থেকে যেন এ দেশে বেড়াতে এসেছে এই বাঁশি। তবে আকার-আকৃতিতে কিছুটা পরিবর্তন ঘটেছে এখানে এসে। ছোট, বড়, মাঝারি আকৃতির এসব অভিনব বাঁশি কানফাটানো শব্দ তৈরি করে। সম্ভবত এই গুণের কারণে চট্টগ্রামসহ সারা দেশের তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভুভুজেলা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুনতাসির হোসেন বলেন, ‘আমরা প্রত্যেকে ভুভুজেলা বাঁশি নিয়েছিলাম খেলা দেখতে গিয়ে। নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয়ের খুশিতে ঢাক-ঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে সারা শহর ঘুরেছি।’সংস্কৃতিকর্মী রাজু আচার্য নগরের চেরাগি পাহাড় মোড় থেকে দেড় শ টাকায় কিনেছেন ভুভুজেলা বাঁশি। তিনি বললেন, ‘গত বছরের ফুটবল বিশ্বকাপের ভুভুজেলার একটা ছোঁয়া আছে এ বাঁশিতে। তবে বাংলাদেশে এসে ছোট বড় নানা আকারের রূপ ধারণ করেছে। তারপরও এর জনপ্রিয়তা কমেনি। বরং ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতে বিক্রি হচ্ছে দেদারসে।’ নগরের কাজির দেউড়ির ইন্টার স্পোর্টসের ব্যবস্থাপক মো. রুবেল বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ৪০০টি ভুভুজেলা বাঁশি এনেছিলাম। তরুণ-তরুণীদের কাছে এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে এখন মাত্র ৩০টি বাকি আছে। ঢাকা থেকে আনা প্রতিটা ভুভুজেলা ১৫০-২০০ টাকায় বিক্রি করেছি।’চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের চিটাগং স্পোর্টসের স্বত্বাধিকারী মো. শফিকুল আলম বলেন, ‘এ বাঁশি এত জনপ্রিয় হয়েছে যে ছেলে-বুড়ো সবাই পেলেই লুফে নিচ্ছে। যা এনেছি তার সবই বিক্রি হয়ে গেছে। আজকে (মঙ্গলবার) বিকেলে আরও নিয়ে আসব।’ক্রীড়াসামগ্রীর দোকান ছাড়াও ফেরি করে ভুভুজেলা বেচতে দেখা গেছে সাগরিকা স্টোডিয়ামপাড়া এবং নগরের বেশ কিছু জায়গায়। ঢাকা থেকে আনা নানা আকারের এসব বাঁশি ৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানালেন ফেরিওয়ালা মো. ইব্রাহিম।