চট্টগ্রামে মেয়েদের জয়যাত্রা অব্যাহত
ছেলেদের পেছনে ফেলে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের মেয়েরা। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল তার প্রমাণ। গতবারের মতো এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। এ বছর মেয়েদের পাশের হার ছিল শতকরা ৭২ দশমিক ৩২ শতাংশ এবং ছেলেদের ৬৯ দশমিক ৮৪ শতাংশ। মেয়েদের ভালো ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘মেয়েরা এখন লেখাপড়ায় অনেক বেশি মনোযোগী। ছেলেরা মেয়েদের তুলনায় বহির্মুখী হওয়ায় লেখাপড়ায় তত মনোযোগ দিতে পারে না। তা ছাড়া আজকাল অভিভাবকেরাও মেয়েদের লেখাপড়ার ব্যাপারে গুরুত দিচ্ছেন।’জিপিএ- ৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এবারে এগিয়ে আছে। ২০১০ সালে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ছিল ৭৪৯ জন এবং ছাত্রের সংখ্যা ৮৬৯ জন। অন্যদিকে এ বছর ৯১৮ জন মেয়ে ও ৮৭৭ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। তবে গত বছরের তুলনায় সামগ্রিকভাবে ছেলে-মেয়ে দুই ধরনের শিক্ষার্থীদেরই পাশের হার কমেছে।ব্যবসায় শিক্ষা ও মানবিকে মেয়েরা জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে থাকলেও বিজ্ঞানে ছেলেদের চেয়ে পিছিয়ে। ব্যবসায় শিক্ষা শাখায় এবার ৩১৮ জন মেয়ে ও ২১২ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। মানবিক শাখায় জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন মেয়ে ও ১০ জন ছেলে। বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পাওয়া ছাত্র ৬৫৫ জন এবং ছাত্রী ৫৪৫ জন। উল্লেখ্য, ২০১১ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪৭ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৪ হাজার ৭১১ জন ও ছাত্রীর সংখ্যা ছিল ২৩ হাজার ৫৬ জন। কৃতকার্য ছাত্রের সংখ্যা ১৭ হাজার ২৫৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৬ হাজার ৬৭৩ জন।