চট্টগ্রামে রাজকীয় খানাপিনা
নামটাই নতুন, গো-মু-খা হালিম। চট্টগ্রামবাসীর জন্য গরু-মুরগি-খাসির মাংসের এই হালিম ছিল দারুণ চমক। গত রমজানে ইফতারের আয়োজনে এই হালিম দারুণ কদর পায়। গো-মু-খা হালিম দিয়েই যাত্রা শুরু করে ইন্ডিয়ান হান্ডি রেস্তোঁরা। বৈচিত্র্যময় খাবার নিয়ে এর মধ্যেই ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে তারা। ১৩ সেপ্টেম্বর এই রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন। চট্টগ্রাম শহরের সিডিএ এভিনিউ সড়কের (জিইসি মোড়সংলগ্ন) গণি মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় এর অবস্থান। রেস্তোরাঁর অন্দরসাজে পাওয়া যায় ভিনদেশি সংস্কৃতির ছোঁয়া। রাজস্থানি রীতিতে বিয়ের দেয়ালচিত্র ও টেরাকোটা মন কেড়ে নেয়। ভারতের বিভিন্ন প্রদেশের মজাদার পদ নিয়ে সাজানো হয়েছে খাবারের পসরা। ১৪৩ ধরনের পদ আছে এখানে। জনপ্রিয় পদের মধ্যে আছে চিকেন লা জবাব মাখানি দাম-২৬০ টাকা, চিকেন লক্ষৌ বিরিয়ানি ২৪০ টাকা, বিফ পাঞ্জাবি ২১০ টাকা। রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ নওশাদ আলম জানান, ‘এই রেস্তোরাঁর খাবারের মূল বৈশিষ্ট্য ভারতীয় খাবারের বৈচিত্র্যময় আয়োজন। ডাল শাহজানী ভারতে রাজা-বাদশাহদের খাবার হিসেবে পরিচিত। ইতিহাস বলে, মোগল সম্রাট আকবর, শাহজাহান এই ডাল পছন্দ করতেন। আমরা চট্টগ্রামের মানুষের রসনাবিলাসের জন্য তাই নিয়ে এসেছি।’কীভাবে তৈরি হয় এটি তা-ও জানিয়ে দেন তিনি। মুগ ডাল ভেজে তাতে নারকেল, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে বিশেষ এই ডাল তৈরি করা হয়। দাম ১৭০ টাকা।কথা হয় এখানে পরিবার নিয়ে খেতে আসা ফারজানা সেলিমের সঙ্গে। তিনি বলেন, ‘নানের সঙ্গে ডাল শাহজানীর যে স্বাদ, তা এখানেই শুধু পাওয়া য়ায়।’রেস্তোরাঁর বিপণন ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘পাঁচ মাসের মধ্যেই আমরা ভোজনরসিকদের দারুণ সাড়া পেয়েছি। এখানে যিনি একবার খেয়েছেন, তিনি বারবার আসেন। দামটা নাগালের মধ্যেই রাখা হয়েছে, কারণ আমাদের মালিকের লাভের প্রতি লোভ নেই, রেস্তোঁরা ব্যবসাকে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য।’